সম্প্রতি মুক্তি পেয়েছে অস্কারজয়ী তারকা লেডি গাগা অভিনীত নতুন ছবি হাউজ অব গুচি। গুচি ব্র্যান্ডের একসময়ের প্রধান ও গুচি পরিবারের সদস্য মরিজিও গুচির হত্যাকাণ্ড নিয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি। ছবিতে লেডি গাগা অভিনয় করেছেন মরিজিওর স্ত্রী প্যাট্রিজিয়া রেজানির চরিত্রে।
হাউজ অব গুচিতে অনেকের দৃষ্টি কেড়েছে লেডি গাগার চুলের স্টাইল। বাস্তব চরিত্র প্যাট্রিজিয়া ছিলেন দারুণ ফ্যাশনেবল নারী এবং জীবনের বিভিন্ন সময়ে বদলেছেন তার চুলের স্টাইল। আর তাই তার চরিত্রকে পর্দায় জীবন্ত করতে সিনেমার টিমকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে। এ বিষয়ে দারুণ মনোযোগী ছিলেন খোদ লেডি গাগা। ২০০৯ সাল থেকে তার ব্যক্তিগত হেয়ারড্রেসার ও উইগ ডিজাইনার হিসেবে কাজ করছেন ফ্রেডেরিক অ্যাসপিরাস। হাউজ অব গুচিতে প্যাট্রিজিয়ার যে ৫৫টি লুক দেখা গেছে তার অন্যতম কারিগর এ অ্যাসপিরাস। ১৯৭২ থেকে ১৯৯৭ সময়কালে প্যাট্রিজিয়ার জীবন উঠে এসেছে পর্দায়। এজন্য অ্যাসপিরাস ১০টি বিশেষ উইগও তৈরি করেছিলেন।
হাউজ অব গুচির শুটিংয়ের আগে গাগা অ্যাসপিরাসকে বলেছিলেন, ‘আমি পর্দায় লেডি গাগাকে দেখতে চাই না।’
অর্থাৎ গাগা পর্দায় নিজেকে নয়, বরং প্যাট্রিজিয়াকেই দেখতে চাইছিলেন। অ্যাসপিরাস পাঁচ মাস গাগার এ উপদেশ মাথায় রেখেই কাজ করেছেন।
হলিউড রিপোর্টারকে অ্যাসপিরাস বলেন, ‘এ সিনেমা আমার জন্য মায়ের কাছে পাঠানো ভালোবাসার চিঠির মতো। মা অ্যালঝেইমারে আক্রান্ত ছিলেন। তিনি পেশায় ছিলেন হেয়ার ড্রেসার। আমি মাঝে মাঝেই তার সেলুনে যেতাম এবং তার কাজ করা দেখতাম। এভাবে অল্প বয়সেই আমি অনেক কিছু শিখে ফেলেছিলাম। এখন আমি হাউজ অব গুচি সিনেমায় কাজ করে ফেলেছি! শুটিং শুরুর ছয় মাস আগে মা মারা যান। আমি আর কাজ করতে চাইনি। পরে গাগা ও অন্যদের অনুরোধে আবার কাজে নেমে পড়ি।’
বয়সে তরুণ হওয়ায় শুটিং সেটে নানা রকম বিধিনিষেধের বাধায় আটকে যাচ্ছিলেন অ্যাসপিরাস। খোদ পরিচালক রিডলি স্কট গাগার জন্য মাত্র দুটো চুলের স্টাইল চেয়েছিলেন। কিন্তু অ্যাসপিরাসেরই এ উপদেশ পছন্দ হয়নি। তিনি নিজেই কাজে লেগে যান। প্রতিজ্ঞা করেছিলেন স্কটকে দেখিয়ে দেবেন তার প্রতিভা। এরপর গাগার জন্য ৪৫০ পাতার হেয়ার লুকের ডিরেক্টরি তৈরি করেন। এ ডিরেক্টরিই হয়ে ওঠে সিনেমায় লেডি গাগার চুলের নকশা।
শুটিংয়ের সময় গাগাকে চুলের পেছনে ৪ থেকে ৫ ঘণ্টা সময় ব্যয় করতে হতো। অ্যাসপিরাস প্রস্তুতি নিতে শুরু করতেন ভোর ৪টা থেকে। ‘আমরা চুল, উইগগুলো রঙ করেছি। এটা দারুণ নিষ্ঠার কাজ। কারণ পরিচালক ছবির সবকিছু নিয়ন্ত্রণ করেন না। তারা ছবির প্রক্রিয়ার মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ভূমিকা পালন করেন। তাই আমাকে শুরুর কাজগুলো ঠিকঠাক করতে হয়েছে। শুধু উইগগুলো তৈরি করতেই খরচ হয়েছে ১০ হাজার ডলার!’
সূত্র: হলিউড রিপোর্টার










