সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা দরদ। সিনেমাটি বোর্ড সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে, এদিকে মুক্তির অনুমতির পর প্রচারও শুরু হয়েছে। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবির কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘‌দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে ...।’

মুক্তির অনুমতি পাওয়ায় খুশি সিনেমাটির পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, ‘প্রচার শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে মুক্তির দিনক্ষণও জানিয়ে দেব। সিনেমাটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। সেভাবেই এগোচ্ছি আমরা।’ এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই দরদ পাস করেছে। এটি প্রেমের সিনেমা, দেখে আমার কাছে ভালো লেগেছে। একে আমি ভালো সিনেমা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু বলতে পারব না।’

কাজী হায়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল খিজির হায়াত খানের কথার সঙ্গেও। তিনি বললেন, ‘এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তার টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় দৃশ্যমান। সিনেমাটি দ্রুত প্রেক্ষাগৃহে আসুক, প্রেক্ষাগৃহ চাঙ্গা হোক। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহ চাঙ্গা হবে।’

যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে দরদ। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে এটি প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান।

অনন্য মামুন বলেন, ‘সার্টিফিকেশন বোর্ড থেকে সবার প্রশংসা পেয়েছি। পরিচালক হিসেবে এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমরা কষ্ট করে সিনেমাটি বানিয়েছি। এখন যাদের জন্য বানানো হয়েছে, তাদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।’

চলতি বছর পবিত্র ঈদুল আজহায় দরদ সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে তৈরি সিনেমার এ টিজার সবার নজর কাড়ে। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে আলোচনা হয়। শাকিব-সোনাল ছাড়া আরো অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।