‘‌ডন থ্রি’ নিয়ে এল নতুন খবর। সিনেমাটিতে ডন চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং, এ খবর পুরনো। নতুন খবর হলো রণবীরের বিপরীতে এতে থাকছেন কিয়ারা আদভানি। গতকাল এ খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মূলত প্রিয়াংকা চোপড়ার চরিত্রটিই করবেন কিয়ারা আদভানি।

গতকাল ফারহান আখতারের প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে এ খবর প্রকাশ করা হয়। তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্ট করা হয়েছে। সেখানে লিখেছেন, ‘ডন ইউনিভার্সে স্বাগত। এর সঙ্গে কিয়ারা আদভানিকে ট্যাগ করা হয় এবং হ্যাশট্যাগে লেখা হয় ডন থ্রি।’

এর আগে রণবীর সিংকে নিয়ে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও বানানো হয়েছিল, কিন্তু সেখানে বলা হয়নি সিনেমার নায়িকা কে হবে। এর আগে নানা সময়ে সাক্ষাৎকারে ফারহান আখতারকে প্রশ্ন করা হয়েছিল যে কে হচ্ছে ডন থ্রির নতুন নায়িকা। ফারহান বলেছিলেন, ‘আমরা এখনো এ নিয়ে কাজ করছি।’ কিছুদিন এ নিয়ে বেশ গুঞ্জন ছিল। অবশেষে প্রযোজকরাই জানিয়ে দিলেন কে হচ্ছেন রোমা।

অনেকে মনে করছেন কিয়ারা আদভানি এ চরিত্রের জন্য উপযুক্ত। তবে কিয়ারা এখন পর্যন্ত ডনের মতো কোনো অ্যাকশন সিনেমায় অভিনয় করেননি। কিয়ারাকে বেশিই দেখা গেছে রোমান্টিক ঘরানার সিনেমায়। সে হিসেবে রোমা চরিত্রটি তার জন্য চ্যালেঞ্জের হবে। তবে সম্ভবত ফারহান আখতার সে চ্যালেঞ্জই নিতে চাইছেন। তাছাড়া এ সিনেমার জন্য প্রয়োজন ছিল এমন একটি মুখ, যা আগে এ ধরনের সিনেমায় দেখা যায়নি। 

কিয়ারা আদভানি এখন পর্যন্ত ডন থ্রিতে তার অভিনয় করা প্রসঙ্গে কিছু বলেননি। তার হাতে আছে বেশকিছু সিনেমা। এর মধ্যে ‘‌ওয়ার টু’, ‘বৈজু বাওরা’ বড় প্রজেক্ট। কিয়ারাকে সর্বশেষ দেখা গিয়েছিল সমীর বিদ্যাংশ পরিচালিত ‘‌সত্যপ্রেম কি কথা’য়। অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ানের বিপরীতে। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পাশাপাশি সমালোচকদের মনোযোগ আকর্ষণেও ব্যর্থ হয়।

সূত্র: ইয়ন