অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন সিনেমার জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমত রেকর্ড গড়েছে। বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে সিনেমাটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের সিনেমা নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। এবারের সিনেমার নাম ‘চেইন স ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’।
এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা। এটি তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইন স ম্যান-এর উপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘চেইন স ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে এই সিনেমা। ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা। তিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন।
এরইমধ্যে জাপানের বাইরে বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। বাংলাদেশের অনেক দর্শক অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তবে কিছু কিছু দৃশ্যের জন্য শিশু কিশোরদের সিনেমাটি দেখা থেকে বিরত থাকার কথাও বলা হচ্ছে।










