জিটিভিতে আজ থাকছে শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে আলোঘর প্রকাশনা নিবেদিত শিল্প-সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক এ অনুষ্ঠান। আজকের পর্বের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।

গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ও সফল মানুষেরা। আর তারা শোনাচ্ছেন তাদের ব্যক্তিজীবন, বর্ণাঢ্য কর্মজীবনের কথা। এইচ এম তানভীর হাসানের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানের চতুর্থ পর্ব তথা জীবনীমূলক এই আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘টিভি চ্যানেলগুলো বিনোদনমূলক নানারকম অনুষ্ঠান প্রচার করলেও শিল্প-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান প্রচার করে না বললেই চলে। অথচ শিল্পমনা দর্শকদের এই ধরনের অনুষ্ঠানের প্রতি আগ্রহ রয়েছে। আর তাদের আগ্রহের কথা বিবেচনা করেই আলোঘর প্রকাশনা অনুষ্ঠানটি আয়োজন করেছে। আশা করছি এই অনুষ্ঠান দর্শকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হচ্ছে।’