সিনেমা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে জনপ্রিয় পডকাস্ট শো ডিরেক্টরস পডকাস্ট। এবারের আয়োজনের সর্বশেষ পর্বে উপস্থিত ছিলেন কানাডিয়ান ফিল্মমেকার দেনি ভিলেনোভ ও হলিউডের আরেক জনপ্রিয় নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অনুষ্ঠানের পুরো সময় স্টিভেন স্পিলবার্গ ভিলেনোভ পরিচালিত ডুন: পার্ট টু সিনেমার কেবল প্রশংসাই করেছেন। সিনেমার প্রশংসা করতে গিয়ে তিনি অস্কার বিজয়ী ভিলেনোভকে বলেছেন, ‘আপনি আমার দেখা সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞান-কল্পকাহিনী চলচ্চিত্রগুলোর মধ্যে একটি তৈরি করেছেন।’ তবে এখানেই শেষ ছিল না ডুন নিয়ে পরিচালক স্পিলবার্গের অভিমত। স্পিলবার্গ ভিলেনোভের সঙ্গে বসে কথা বলতে পারাকেও সম্মানজনক মনে করেন।

স্পিলবার্গ মনে করেন এমন অনেক সেরা চলচ্চিত্র নির্মাতাই চলচ্চিত্র জগৎ তৈরি করেছেন। অনুষ্ঠানে এমন সেরা কয়েকজন চলচ্চিত্র নির্মাতার কথাও তিনি যুক্ত করেছেন। যেমন মেলিয়াস, ডিজনি এবং কুব্রিক, জর্জ লুকাস থেকে শুরু করে আরো সঙ্গে হ্যারি হাউসেনকেও তিনি সে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া তিনি মনে করেন ইতালীয় চলচ্চিত্র পরিচালক ফেলিনি তার কাজের মধ্য দিয়ে নিজস্ব একটি পৃথিবী তৈরি করেছেন। 

পাশাপাশি পরিচালক ওয়েস অ্যান্ডারসন, পিটার জ্যাকসন, জেমস ক্যামেরন, ক্রিস্টোফার নোলান, রিডলি স্কট, গিয়ের্মো দেল তোরোর কথাও তিনি বলেছেন। স্পিলবার্গ এভাবেই সেখানে একের পর এক সফল চলচ্চিত্র পরিচালকের নাম বলতে থাকেন এবং তিনি বলেন, ‘তালিকাটি চলতেই থাকবে এবং আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আপনি এ তালিকার নতুন সদস্যদের একজন।’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিচালকদের একজনের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে ভিলেনোভ অবাক হয়েছিলেন। স্পিলবার্গ ডুন: পার্ট টুর একটি নির্দিষ্ট দৃশ্য নিয়ে কথা বলেছেন, যেখানে পলকে একটি উল্লেখযোগ্য বিজয় হিসেবে প্রথমবারের মতো একটি বালুচরে সার্ফ করানোর দৃশ্য দেখানো হয়েছে।

স্পিলবার্গ বলেন, ‘এটি একটি মরুভূমিপ্রেমী গল্প। কিন্তু এমন একটি মরুপ্রেমী চলচ্চিত্র, যেখানে জলের জন্য প্রচণ্ড আকুলতা রয়েছে। সিনেমাটি সত্যিই জলের প্রয়োজনীয়তা বিষয়ে। পবিত্র জল, যা সবুজ তৃণভূমি ও জীবন নীল জলের জন্য আকুল হয়ে আছে, এ চিত্রগুলোই ফুটিয়ে তোলা হয়েছে।’

এছাড়া সিনেমাটি দেখে স্পিলবার্গ আরো মুগ্ধ হয়েছেন, সেখানে দারুণভাবে মরুভূমিকে একটি মহাসাগর বা একটি সমুদ্রের মতো চিত্রিত করা হয়েছে। আবার কখনো বালির কীটগুলো দেখতে ছিল সমুদ্রের সাপের মতো এবং সে বালিতে সার্ফিং করার দৃশ্যটি ছিল তার দেখা সবচেয়ে বড় বেশি আশ্চর্যের। এরই মধ্যে চলতি বছরে মুক্তি পাওয়া ডুন: পার্ট টু"সমালোচক ও দর্শকের কাছে বেশ ভালো সাড়া পেয়েছে এবং বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৫৭ কোটি ডলার।

সূত্র: ভ্যারাইটি