কারিনা কাপুর খান তার রেডিও শো হোয়াট ওমেন ওয়ান্টের জন্য বলিউডের বেশ কয়েকজন তারকার সাক্ষাত্কার নিয়েছেন। সম্প্রতি কারিনা কথা বলেছেন নোরা ফাতেহির সঙ্গে। নোরার সঙ্গে আলাপে মুগ্ধ হয়েছেন কারিনা।
কারিনার শোতে ‘দিলবার’খ্যাত নোরা বলিউডে তার যাত্রা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বলেছেন অনেক স্টেরিওটাইপ ভাঙার কথা। এ সাক্ষাত্কার নিয়ে কারিনা কাপুর বলেছেন, ‘আমি আজ নোরা ফাতেহির সাক্ষাত্কার নিয়েছি। তার কথা আমাকে বিস্মিত করেছে। কারণ এতদিন আপনারা তাকে শুধু তার গানের লেন্স দিয়ে দেখেছেন, কিন্তু তিনি যখন অনুষ্ঠানে এসে তার স্টেরিওটাইপ ভাঙার গল্প শোনালেন, এত দারুণভাবে শোনালেন যে আমি তার কথায় মুগ্ধ। তিনি খুবই বিচক্ষণ এবং পরিষ্কার চিন্তার মানুষ।’
নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী। তবে নিজেকে এ অবস্থানে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। পিংকভিলাকে দেয়া এক সাক্ষাত্কারে নোরা বলেছেন, “আমি হিন্দি শিখতে শুরু করেছিলাম। কিন্তু অডিশনগুলো ছিল বেদনাদায়ক। মানসিকভাবে আমি তৈরি ছিলাম না। নিজে অনেক বোকামি করেছি। আর মানুষ কোনো ক্ষমাসুন্দর দৃষ্টি দেখায়নি। তারা এমন আচরণ করেছে, যেন আমি সার্কাসের কোনো চরিত্র। মানুষ আমাকে উত্ত্যক্ত করেছে। এটা ছিল খুবই অপমানজনক। বাড়ি ফিরতে ফিরতে আমি অনেকদিন কাঁদতাম। একজন কাস্টিং এজেন্ট আমাকে একবার বলেছিলেন, ‘তোমাকে এখানে আমাদের দরকার নেই। ফিরে যাও।’
আমি কখনো সে কথাটা ভুলব না।”
সূত্র: পিংকভিলা










