অনেক প্রত্যাশা নিয়ে গত এপ্রিলের শেষের দিকে মুক্তি পায় অ্যামাজনের স্পাই সিরিজ সিটাডেল। কিন্তু দর্শকদের মাঝে তেমন সাড়া জাগাতে পারেনি এটি। তার সঙ্গে যুক্ত হয়েছে নেতিবাচক রিভিউ। সব মিলিয়ে ভালো ব্যবসা করতে পারেনি প্রিয়াংকা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত সিটাডেল। কিন্তু এটি তৈরিতে ২৫ কোটি ডলার (২ হাজার কোটি রুপির বেশি) ব্যয় করেছে অ্যামাজন। এত বিপুল ব্যয়ে নির্মিত হওয়া সত্ত্বেও কেন মুখ থুবড়ে পড়ল সিটাডেল? এ প্রশ্নের উত্তর খুঁজছেন অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যানডি জেসি। কেবল সিটাডেলই নয়, অ্যামাজনের আরো কিছু শো ভালো ব্যবসা করতে পারেনি। এ রকম বড় কাজগুলোর বাজেটের বিস্তারিত বিশ্লেষণ চেয়েছেন তিনি। নয় মাসে অ্যামাজনের বড় বাজেটের সিরিজগুলোর মধ্যে ছয়টি একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর এ তালিকায় সবার ওপরে আছে সিটাডেলের নাম। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। নিলসেনের প্রতিবেদন অনুসারে, গত কয়েক মাসে অ্যামাজন ‘ডেইজি জোনস অ্যান্ড দ্য সিক্স’, ‘দ্য পাওয়ার’, ‘ডেড রিংগারস’ ও ‘দ্য পেরিফেরাল’-এর মতো শোগুলোর প্রতিটিতে ১০ কোটি ডলার ব্যয় করেছে। কিন্তু এর কোনোটিই যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়াচড শো’র তালিকায় সেরা ১০-এ জায়গা করতে পারেনি। এসব কারণে অ্যামাজন ১০ হাজার কর্মী ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি অপ্রয়োজনীয় প্রজেক্টগুলোও বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। 

অ্যামাজনের আরেকটি মেগা-বাজেটের কাজ ‘লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’। এটি তৈরিতে ৪০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। কিন্তু এটিও দর্শকদের মাঝে তেমন সাড়া তুলতে পারেনি। তবে এ মুহূর্তে অ্যামাজন সিটাডেলের ব্যর্থতার কারণ অনুসন্ধানেই সবচেয়ে বেশি ভাবছে। 

অ্যামাজন স্টুডিওর প্রধান জেন সালকের নতুন কৌশল অনুযায়ী বড় বাজেটের শো তৈরি শুরু করেছিল প্রতিষ্ঠানটি। ফার্স্ট-লুক ডিলের ক্ষেত্রে এ কোম্পানি ফোবে ওয়ালার-ব্রিজ, জর্ডান পিলি ও ডোনাল্ড গ্লোভারের মতো বড় প্রতিভাদের ব্যবহার করেছে। কিন্তু প্রত্যাশিত সাফল্য আসেনি। প্রিয়াংকার সঙ্গেও অ্যামাজনের চুক্তি কোনো সুখবর বয়ে আনতে পারল না। 

গত জুনে অ্যামাজন স্টুডিওর হেড অব ড্রামা সিরিজ ওডেট্টা ওয়াটকিনস স্বীকার করেছিলেন, সিটাডেলের জনপ্রিয় হতে সময় লাগবে। এর কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের দর্শকদের ক্লান্তিকে দায়ী করেছিলেন। একটি ইভেন্টে তিনি জোর দিয়ে জানিয়েছিলেন যে সিটাডেল জয়ী হবে। কারণ এটি সারা বিশ্বের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। অ্যামাজন সিটাডেলকে একটি গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ডিজাইন করেছে। এর একটি ইতালীয় স্পিনঅফ তৈরির কাজ এর মধ্যেই শেষ হয়েছে। অন্যদিকে সিটাডেলের ভারতীয় স্পিনঅফ নির্মাণের কাজ চলছে। এতে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস