বলিউডে বর্তমান আলোচিত এক নাম রাজকুমার রাও। সম্প্রতি তার ‘স্ত্রী টু’ সিনেমা মুক্তির পর রয়েছেন আরো বেশি চর্চায়। কারণ এ সিনেমার মধ্য দিয়ে রাজকুমার হয়ে উঠেছেন বাণিজ্যিক সিনেমার নায়ক। এছাড়া তিনি দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। যদিও এখন পর্যন্ত বেশ কিছুসংখ্যক সিনেমায় কাজ করেছেন, তবে পর্দায় নেতিবাচক কোনো চরিত্রে এখনো দেখা যায়নি তাকে। 

কিন্তু বলা হচ্ছে, বলিউডে এখন নেতিবাচক চরিত্রকে কেন্দ্রীয় চরিত্র করে অনেক কাজ হচ্ছে। কারণ দর্শকপ্রিয়তা পাচ্ছে এ ধারার সিনেমাগুলো। এবার অভিনেতা কথা বলেছেন সেসব নিয়েই। সামাজিক মাধ্যম ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে রাজকুমার কথা বলেছেন শাহরুখ খানের ‘দেবদাস’ ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে। মূলত এ বিষয়ে উদাহরণ হিসেবে তিনি রেখেছিলো এ দুই সিনেমাকে। কেন এ ধরনের নেতিবাচক চরিত্র দর্শকের ভালোবাসা পেয়েছিল, এমন প্রশ্নের জবাবে রাজকুমার দেবদাসের সিনেমা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘দেবদাস সিনেমাটি সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘‘দেবদাস’’ থেকে অনুপ্রাণিত হয়ে। গল্পটি দেবদাসের নিজের নেয়া ভুল সিদ্ধান্তগুলো কীভাবে তার জীবনের এমন পরিণতি তৈরি করে, তা দেখায়। এ সিনেমার গল্প তুলে ধরেছে কীভাবে ধীরে ধীরে দেবদাসের জীবন অবনতির দিকে যায়, যেখানে সে তার বাড়ি ও পরিবারসহ সবকিছু হারিয়ে ফেলে।’

‘এ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা কেবল একটি গল্প উপস্থাপন করছেন এবং এর মধ্য দিয়ে কোনোভাবেই দর্শককে শাহরুখের চরিত্রটিকে আদর্শ চরিত্র বলে গ্রহণ করতে বলেননি,’ দেবদাস প্রসঙ্গে রাজকুমার এভাবে নিজের মত প্রকাশ করেন। 

পাশাপাশি গত বছরের বেশ সমালোচিত সিনেমা অ্যানিমেল নিয়েও তার ছিল ভিন্ন ভাবনা। তিনি জানিয়েছেন, সিনেমার কিছু দৃশ্য নিয়ে তার আপত্তি থাকলেও সব মিলিয়ে পুরো সিনেমাটি উপভোগ করেছেন। মূলত তিনি রণবীর কাপুরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন, এমন অভিনয়কে মন জয় করা অভিনয় বলেছেন রাজকুমার। রাজকুমার বলেন, ‘সিনেমার নামই অ্যানিমেল, ফলে আগে থেকেই নাম চরিত্রটি কেমন হবে তা অনুমেয়। এছাড়া রাজকুমার আরো জানিয়েছেন, দর্শকেরই এখন এমন কিছু পছন্দ।’ তিনি জানান, দর্শক সিনেমায় একজন সভ্য নাগরিকের পরিবর্তে চরিত্রের হিংস্র, অদম্য দিকগুলো দেখতে চায়।

সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস