বিনোদনের অন্যতম মাধ্যম এখন ওটিটি। সারা বিশ্বেই জনপ্রিয় বিভিন্ন ওটিটি প্লাটফর্ম। ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা দেখতে পারেন ওটিটির কনটেন্ট। বাংলাদেশেও এখন ওটিটি ও ওটিটির কনটেন্ট জনপ্রিয়। বিদেশী ওটিটির পাশাপাশি দেশীয় ওটিটি প্লাটফর্মের প্রতিও ঝুঁকছেন দর্শক। এই ঈদে দেশীয় ওটিটিতে তুলনামূলক কম সংখ্যক কনটেন্টই মুক্তি পেয়েছে। তবু এগুলোর প্রতি দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে। এগুলো হলো আই স্ক্রিনের ‘ছায়া’, হইচইয়ের ‘জিম্মি’, বঙ্গর ‘হাউ সুইট’ ও চরকির ‘অ্যালেন স্বপন টু’।
ছায়া
ঈদ উপলক্ষে আইস্ক্রিনে স্ট্রিম হচ্ছে ‘ছায়া’। অনাদর, ঘৃণা, উপহাসের শিকার হওয়া নিষ্পাপ দুটি জীবনের হাসি-কান্না, দুঃখ-কষ্টের আখ্যান ‘ছায়া’! এতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আসিফ নূর। পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। আইস্ক্রিনের দর্শকরা ফিল্মটি দেখতে পারছেন। তবে ওয়েব ফিল্মটি নিয়ে খুব বেশি প্রচারণা না হওয়ায় এটি নিয়ে কথা হচ্ছে কম।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’
অ্যালেন স্বপনের ৪০০ কোটি টাকার রহস্য এখনো অধরা। নিজের সিরিজ সিন্ডিকেটের স্পিন অফ বানিয়ে বাজিমাত করেছিলেন শিহাব শাহীন। এবার এল তার দ্বিতীয় সিজন। মুক্তির আগে থেকেই দারুণ হাইপ ছিল। স্ট্রিম শুরু হওয়ার পর থেকেও দর্শকরা এ নিয়ে কথা বলছেন।

৪০০ কোটি টাকা কার ও কোথায় লুকানো আছে, সেটিই দেখা যাবে এ সিজনে। দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন প্রমুখ। এবার যুক্ত হয়েছেন জেফার রহমান। সিরিজ শেষ করে দর্শকরা মনে করছেন আরো একটি সিজন আসতে পারে অ্যালেন স্বপনের।
‘জিম্মি’
আশফাক নিপুন পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি। হইচই অরিজিনাল সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। ২৮ মার্চ সিরিজটি মুক্তি পায়। মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম কোনো ওয়েব সিরিজ। জিম্মিতে তাকে দেখা গেল রুনা লায়লা নামের সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর ভূমিকায়।
উচ্চাকাঙ্ক্ষী লায়লা একদিন ঘটনাক্রমে পায় অনেক টাকা এবং এরপর টাকার কাছে জিম্মি হয়ে পড়ে। লোভের গল্পের পাশাপাশি এখানে আশফাক নিপুণ নিয়ে এসেছেন জুলাই আন্দোলনের কিছু প্রসঙ্গ। তবে সিরিজটি নিয়ে দর্শক মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন।
‘হাউ সুইট’
ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে হাউ সুইট। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এ গল্প দীর্ঘদিনের জন্য দর্শক মনে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করছেন কাজল আরেফিন অমি।
হাউ সুইটের গল্প আবর্তিত হয় শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে। সুইটি নামের এক পালিয়ে আসা কনের সঙ্গে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনা থেকেই শুরু হয় দারুণ কিছু। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে। শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় তারকাবহুল এ সিনেমায় আরো অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।










