ভারতীয় টিভি সিরিজের জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। অভিনয় ক্যারিয়ার এক যুগেরও বেশি। ২০১০ সালে ‘‌লাগি তুঝছে লাগান’ দিয়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করেন তিনি। তবে এ সিরিয়ালের তুলনায় ‘‌মারিয়াদা: লেকিন কভ তক’ সিরিজের মাধ্যমে আলোচনায় আসেন। বলিউড তখনো নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে ততটা ভাবছিল না, যতটা এখন ভাবে। তবে সিরিয়ালে সে বিষয়টিই এসেছিল। তিন নারীর সংসার ও কর্মজীবনের নানা উত্থান-পতন, চ্যালেঞ্জ নিয়ে ছিল এ সিরিয়ালের গল্প। ঋদ্ধি অভিনয় করেছিলেন প্রিয়া আনন্দ ঝাকড় চরিত্রে। এরপর টিভি সিরিয়ালে নিয়মিত ছিলেন, শর্ট ফিল্মও করেছেন, কিন্তু সিনেমায় তাকে দেখা যায়নি। নতুন করে ঋদ্ধি আলোচনায় আসেন ‘‌অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’ সিরিজ দিয়ে। সিনেমায় তার আলোচিত অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘‌জওয়ান’ দিয়ে।

জওয়ানের প্রিভিউ ভিডিও মুক্তি পেয়েছে সোমবার। সিনেমায় দীপিকা পাড়ুকোন, নয়নতারা, সানিয়া মালহোত্রা ও প্রিয়ামণির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ধারণা করা হচ্ছে, জওয়ানে শাহরুখের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। প্রিভিউতে ঋদ্ধিকে স্পষ্ট করে দেখা যায়নি। তবে তিনি প্রিভিউ শেয়ার করে জানিয়েছেন সিনেমায় তিনি থাকছেন। শাহরুখ খানের টু্টার হ্যান্ডল থেকে ঋদ্ধির টুইট শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘সিনেমার ক্লান্তিকর শুটিংয়ে সজীব উপস্থিতির জন্য ধন্যবাদ। আশীর্বাদ রইল।’ এর পর থেকেই প্রিভিউতে ঋদ্ধির উপস্থিতি খুঁজতে শুরু করেন ভক্তরা। প্রভিউ ভিডিও খুব গতিশীল হওয়ায় শাহরুখের সব লুকই স্পস্ট করে দেখা যায়নি। এরই মধ্যে একজন একটি স্ক্রিনশট পোস্ট করেন, যেখানে ঋদ্ধিকে একটি শিশু হাতে দেখা যায়।

জওয়ান নিয়ে ঋদ্ধি বেশ উচ্ছ্বসিত। তিনি টুইটে লিখেছেন, ‘‌এ সিনেমা আপনাকে ৫০ বার দেখতে হবে।’ যদিও জওয়ানে তার রোল ও স্ক্রিনটাইম খুবই কম, তবে এ সিনেমার মাধ্যমে নতুন করে সিনেমায় দেখা যাবে তাকে এমনটাই মনে হচ্ছে। বিশেষত অসুরে নুসরাত সাইদ চরিত্রে অভিনয়ের কারণে তিনি এ সময় বেশ আলোচনায় আছেন। অসুরের পর তিনি বরুণ সোবতির বিপরীতে অভিনয় করেছেন আরেকটি সিরিজে। রোমান্টিক কমেডি ঘরানার ‘‌বদতমিজ দিল’ সিরিজটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা পাচ্ছে।

জওয়ানে ঋদ্ধির উপস্থিতি নতুন সম্ভাবনাও সৃষ্টি করছে। তিনি অভিনয় করবেন সালমান খান অভিনীত ‘‌টাইগার থ্রি’তে। ভারতীয় বিনোদন গণমাধ্যমের কোনো কোনোটি বলছে জওয়ান ও টাইগার থ্রিতে স্পাই হিসেবে নতুন নারী চরিত্র আনা হবে। সে হিসেবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সেও থাকতে পারেন ঋদ্ধি ডোগরা।

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস