আজ নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। মজার ব্যাপার, আজ অমিতাভ বচ্চনেরও জন্মদিন। ৮০ পেরিয়ে ৮১-তে পা রাখতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে জন্মদিনে এবার ঢাকায় থাকছেন না অপু বিশ্বাস। পেশাগত কারণে তাকে ভোলা যেতে হচ্ছে। সেখানে কাজ শেষ করে তিনি ঢাকায় ফিরবেন। অর্থাৎ জন্মদিন কাটবে ব্যস্ততায়। এ নিয়ে অপু বিশ্বাস জানান, জন্মদিনকে ঘিরে তার নিজের কোনো বিশেষ পরিকল্পনা নেই। নিজে কোনো কেকও কাটছেন না। কিছুদিন আগেই ছিল তার একমাত্র ছেলের জন্মদিন। তখনও তিনি কেক কাটেননি। নিজের জন্মদিনেও কাটবেন না। 

জন্মদিন নিয়ে বড় কোনো পরিকল্পনা করছেন না। তবে অমিতাভ বচ্চনের সঙ্গে একই দিনে তার জন্মদিন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শ্রদ্ধেয় অমিতাভ বচ্চন আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তার অভিনীত বহু সিনেমা আমি দেখেছি। আমার নাম যেহেতু অপু বিশ্বাস, তাই আমাকে শর্টে অনেকেই এবি বলে ডাকেন। আবার অমিতাভ বচ্চন স্যারকে শর্ট নামে অর্থাৎ এবি নামে ডাকা হয়। বিষয়টা আমাকে ভীষণ আনন্দিত করে। তবে যেহেতু একই দিনে আমাদের জন্মদিন, তাই জীবনে একবার হলেও অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে জন্মদিনে না হলেও অন্য যেকোনো সময় তার সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে রাখি।’ 

এমন ইচ্ছা তো অনেকেরই থাকে। সবার তা পূরণ হয় না। এ নিয়ে অপু বলেন, ‘‌জানি না বিধাতা আমার এ স্বপ্ন পূরণ করবেন কিনা। তবে বলা যেতে পারে, এটা আমার অনেক বড় একটি স্বপ্ন।’

এদিকে জন্মদিনে কোনো আয়োজন না করলেও তিনি সবার কাছে তার মঙ্গল কামনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‌জন্মদিনে সবার কাছে দোয়া চাই। যেন সুস্থ থাকি, ভালো থাকি।’ 

ঈদুল আজহায় অপু বিশ্বাসের প্রযোজনায় সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এতে তার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ও আলোচনায় আসে। এছাড়া সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে অপু বিশ্বাস ও নিরব অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’। অপু বিশ্বাস জানান, আগামী ডিসেম্বরে নতুন একটি সিনেমার কাজ শুরু হতে পারে। অপু অভিনীত প্রথম সিনেমা ছিল আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’।