দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমের বিচ্ছেদ হয়েছিল এ বছরের মার্চে। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় তখন। সেই সময়ে তাদের প্রেম ও বিচ্ছেদ নিয়ে নানা সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। বিচ্ছেদের পর থেকে তামান্না অবশ্য এতদিন তেমন কিছু বলেননি। তবে সম্প্রতি এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতের সম্পর্ক নিয়ে নিজের ভাবনা ও চাওয়ার কথা জানিয়েছেন।
তামান্না বলেন, ‘আমি এখন চেষ্টা করছি একজন ভালো জীবনসঙ্গী হওয়ার। এটাকে আমার এখনকার কাজ হিসেবেই নিয়েছি। আমি এমন একজন সঙ্গী হতে চাই, যার কাছে মনে হবে সে তার আগের জন্মে ভালো কিছু করেছে বলেই আমি তার জীবনে এসেছি। ভাগ্যবান সেই মানুষটার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। সেই মধুময় সময় আসবে শিগগিরই।’
এর আগেও তিনি ভালোবাসা নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। ফিটনেস ইনফ্লুয়েন্সার লুক কুটিনহোকে দেয়া পুরনো এক সাক্ষাৎকারে তামান্না বলেন, মানুষ প্রায়ই ‘ভালোবাসা’ আর ‘সম্পর্ক’কে এক করে ফেলে। ভালোবাসা মানেই যে সম্পর্ক, তা কিন্তু না। এমনকি বন্ধুত্বেও তাই। যখন শর্ত জুড়ে দেয়া হয়, তখনই সেটা আর ভালোবাসা থাকে না।’
তিনি আরো বলেন, ‘ভালোবাসা সবসময় নিঃশর্ত হতে হবে, এটা একতরফাও হতে পারে। ভালোবাসা আসলে ভেতরের ব্যাপার, কোনো একজনকে নিয়ে আপনার অনুভূতির রূপ। কিন্তু যখন আপনি প্রত্যাশা শুরু করেন বা কাউকে আপনার মতো করে চলতে বাধ্য করতে চান, তখন সেটা লেনদেনের মতো হয়ে যায়।’ এ কথাগুলোই তামান্না ও বিজয়ের বিচ্ছেদের সময় আলোচনার কেন্দ্রে ছিল। তার মতে, ‘ভালোবাসা মানে হলো অন্যজনকে স্বাধীন থাকতে দেয়া এবং নিজের চাওয়াকে অন্যের ওপর আরোপ করা থেকে বিরত থাকা।’
উল্লেখ্য, তামান্নার ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ এখন প্রাইম ভিডিওতে চলছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ডায়ানা, ইন্দ্রনীল সেনগুপ্ত, জাভেদ জাফরী, নীরজ কবি, আয়েশা রাজা মিশ্র ও রণবিজয় সিং।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস









