ভিকি কৌশলের পরবর্তী সিনেমা ‘‌স্যাম বাহাদুর’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। সিনেমায় তিনি অভিনয় করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে। বেশ অনেক আগে সিনেমায় তার লুকের একটি স্টিল প্রকাশ হয়েছিল। মাসখানেক আগে এসেছিল টিজার। উভয় ক্ষেত্রেই লুকের কারণে প্রশংসা পেয়েছেন ভিকি। তাকে দেখে মনে হচ্ছিল যেন বাস্তবের মানেকশই এসে হাজির হয়েছেন। কিন্তু ভিকি নিজে মনে করেন, তিনি এ চরিত্রের জন্য যথেষ্ট সুদর্শন নন। তার ভাষায়, ‘‌তার (মানেকশ) ছবি দেখে মনে হয়েছিল, তিনি এত হ্যান্ডসাম যে আমি চরিত্রটি পাব না।’

স্যাম বাহাদুর নির্মাণ করেছেন মেঘনা গুলজার। এর আগে তার সঙ্গে ভিকি কৌশল অভিনয় করেছিলেন ‘‌রাজি’ সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় উঠে আসলে ভিকি বলেন, ‘রাজির শুটিংয়ের সময়ই মেঘনা তার নতুন সিনেমার পরিকল্পনার কথা বলেছিল। সে সময়ই স্যামের কথা ওঠে। আমার বাবা-মা পাঞ্জাবের আর আমি স্যাম মানেকশর নাম শুনেছি অনেক। কিন্তু তিনি দেখতে কেমন তা জানতাম না। গুগল করে তার ছবি দেখে মনে হলো আমি তার মতো সুদর্শন নই। চরিত্রটি আমি পাব না।’

স্যাম বাহাদুর নামের এ সিনেমায় স্যাম মানেকশের সৈনিক জীবন উঠে এসেছে। ৪০ বছর তিনি ইউনিফর্মে ছিলেন। সিনেমায় সময়টা ধরার চেষ্টা করেছেন মেঘনা গুলজার। স্যাম বাহাদুরের ট্রেলার প্রদর্শন করা হয়েছে ভারতের আর্মি চিফ জেনারেল মনোজ পাণ্ডের উপস্থিতিতে। এ অনুষ্ঠানে নিজের পরিশ্রমের কথা বলেন ভিকি। তিনি বলেন, ‘‌আমি এখন পর্যন্ত যতগুলো চরিত্রে অভিনয় করেছি, এটা ছিল তার মধ্যে কঠিনতম। তার হাঁটাচলা বা কথা বলার ধরনের জন্য নয়, কঠিন ছিল তার ব্যক্তিত্বকে ধারণ করা। তবে পুরোটা সম্ভব হয়েছে সিনেমার ক্রুরা একটা টিম হিসেবে কাজ করেছি বলে।’

সিনেমাটি নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন মেঘনা ও ভিকি। এর মধ্যে একটা দীর্ঘ সময় কেটেছে গবেষণায়। ভিকি বলেন, ‘‌তিন মাস ধরে আমি আর মেঘনা নিয়ম করে প্রতিদিন পাঁচ ঘণ্টা কেবল পড়াশোনা করেছি তাকে নিয়ে। দেখেছি তার সাক্ষাৎকার। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি স্যামকে নিয়ে। তাকে বোঝার জন্য প্রচুর পড়াশোনার পাশাপাশি তার পরিবারসহ যারা তাকে চিনতেন তাদের সঙ্গেও কথা বলেছি।’

সিনেমাটি ভারতীয় আর্মির কাছেও ভালো লেগেছে বলে জানিয়েছেন ভিকি কৌশল। ভারতীয় সেনাবাহিনীর একজন কিংবদন্তি অফিসারকে নিয়ে সিনেমা নির্মাণ করলে তা আর্মির অনুমোদনের মধ্য দিয়ে যাওয়াই স্বাভাবিক। ভিকি জানান, সিনেমা নির্মাণের সময় তিনি বহুবার ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতেন। ভিকি বলেন, ‘‌তারা আমাকে খুব উৎসাহ দিয়েছে। কিন্তু শেষে আবার ভড়কে দিত। বলত, ‘‌‘‌‌ভালো করে কাজটা করো। কারণ তুমি আমাদের সেরা ব্যক্তির চরিত্রে অভিনয় করছ”।’

মেঘনা গুলজার পরিচালিত স্যাম বাহাদুর সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে আরো অভিনয় করছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। সিনেমাটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস