মাদক মামলায় এখনো জামিন মেলেনি বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানের। ছেলেকে ছাড়াতে চেষ্টার কমতি নেই কিং খানের। তবে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) যেন অনড়। অন্যদিকে দেশটির ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেননি বলেই শাহরুখ খান এমন হেনস্তার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। তিনি বলেছেন, শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক ‘চিনির গুঁড়া’ হয়ে যাবে।

গত শনিবার ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে দলের বর্ষীয়ান এ নেতা এসব কথা বলেন। সম্প্রতি ভারতে গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে তিন হাজার কেজি হেরোইন উদ্ধার হয়। সে বিষয়ে উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, সেদিকে নজর না দিয়ে শাহরুখের ছেলের ব্যাপারে বেশি উৎসাহী এনসিবি।

এখানেই শেষ নয়, শিব সেনার নেতা সঞ্জয় রউত গত রোববার অভিযোগ করে বলেছেন, এনসিবি আরিয়ানের ঘটনায় এক সাক্ষীর সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে। তিনি আরো দাবি করেছেন, ছেলেকে এ মাদক কেলেঙ্কারি থেকে উদ্ধার করতে শাহরুখের কাছে বড় অংকের চাঁদাও দাবি করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

সঞ্জয় রউত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে উদ্ধৃত করে বলেছেন, এসব করা হচ্ছে মহারাষ্ট্রের বদনাম করতে।

বিরোধী রাজনীতিবিদদের এসব সমালোচনা-অভিযোগের জবাবে বিজেপির মুখপাত্র বলেছেন, এনসিবির কাজ মাদককে সমাজ থেকে নির্মূল করা। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। এদিকে গত রোববার আরিয়ান খানের আর্থিক বিষয়াদির কাগজপত্র যাচাই করতে মাঠে নেমেছে এনসিবি।

২ অক্টোবর মুম্বাইয়ের এক প্রমোদতরী থেকে মাদক গ্রহণের অভিযোগে আরিয়ান খানসহ আটজনকে আটক করা হয়। মাদক মামলায় বর্তমানে জেলে রয়েছেন তিনি। বিশেষ আদালতে জামিনের পর হাইকোর্টে যায় মামলাটি। আগামীকাল মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। সেদিন পর্যন্ত আরিয়ানকে জেলেই থাকতে হবে।

দেখা যাচ্ছে, আইনি জটের চেয়েও জামিন জটে ফেঁসেছেন আরিয়ান। জামিন পেতে তাকে প্রমাণ করতে হবে, তিনি অপরাধপ্রবণ মানসিকতার নয় এবং মাদকের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

 

সূত্র: ইন্ডিয়া টুডে