দিনকাল খারাপ যাচ্ছিল মার্ভেলের। একে তো ‘অ্যাভেঞ্জার্স’-এর পর ব্যবসাসফল সিনেমা পাচ্ছে না। তার ওপর মামলা মোকদ্দমায় পড়লেন মার্ভেলের অভিনেতা জোনাথন মেজর্স। এরপর বাতিল হয় একাধিক সিনেমা। রীতিমতো সিনেমা যাত্রার পরিকল্পনাই বদলাতে হয়েছে। ক্যাং ডাইন্যাস্টি থেকে তাই মার্ভেল সরে এল ডুমসডেতে। বেশ আগেই জানানো হয়েছিল, সিনেমাটিতে ডক্টর ডুম চরিত্রে অভিনয় করবেন রবার্ট ডাউনি জুনিয়র। এবার জানা গেল, লোকি আর থর চরিত্রে ফিরছেন টম হিডেলস্টোন ও ক্রিস হেমসওয়ার্থ।
মূলত এ সিনেমার মধ্য দিয়ে মার্ভেলের ফেরার সুযোগ আছে। কারণ দুটো। প্রথমত এর আগে মার্ভেলের প্রতি দর্শকের বিরাগের অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছে পুরনো অ্যাভেঞ্জার্সের হারিয়ে যাওয়া। এবার প্রথমেই ফেরানো হলো রবার্ট ডাউনিকে। তারপর একে একে অন্যান্য পরিচিত মুখ। ডাউনি বাদে তারা আগের চরিত্রগুলোয়ই অভিনয় করবেন।
সিনেমাটি বেশ বড় কাস্ট নিয়ে আসছে। এতে অভিনয় করছেন লুইস পুলম্যান, ড্যানি র্যামিরেজ, জোসেফ কুইন, ডেভিড হারবার, উইনস্টন ডিউক, হানাহ জন কামেন, টম হিডেলস্টোন, পেদ্রো প্যাসকেল, ক্রিস ইভান্স, ভেনেসা কির্বি, ফ্লোরেন্স পিউ প্রমুখ। এছাড়া যুক্ত হচ্ছেন প্যাট্রিক স্টুয়ার্ট। তার বহু ভক্ত আছে। এর আগে তাকে মার্ভেলে সিনেমাটিক ইউনিভার্সে দেখা যায়নি। ম্যাগনিটো চরিত্রে আসছেন ইয়ান ম্যাকলিন। এক্স মেন থেকে সরাসরিই সংযুক্তি থাকছে সিনেমায়। বিষয়টি নতুন একটা ধারা তৈরি করবে বলেই সবার ধারণা।
এত বড় কাস্ট নিয়ে সিনেমা নির্মাণ সহজ নয়। তবে এ দায়িত্ব আছে অ্যান্টনি ও জো রুশোর হাতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে তারাই সফলতম নির্মাতা। তাই বলাই যায়, ভয়ংকর রূপে ফিরছে মার্ভেল।
সিনেমার প্রডাকশন এরই মধ্যে শুরু হয়েছে। নির্মাতারা এবার বিশেষ ব্যবস্থা নিয়েছেন যেন ভেতরকার কোনো খবর, সিনেমার কোনো স্পয়লার না আসে। কোলাইডারের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যান্টনি বলেন, ‘চারপাশ বন্ধ করে দেয়ার ব্যাপারটা আমাদের কাছে ইতিবাচক। আমরা চাই না কোনোকিছু ফাঁস হয়ে যাক।’ তার ভাই জো রুশো আরো জোর দিয়ে বলেন, ‘আমরা চাই না কেউ ছবি তুলুক। এজন্য একটা শক্ত ব্যবস্থা নিতেই হতো।’
অ্যাভেঞ্জার্স: ডুমসডে নিয়ে মার্ভেলভক্ত ও সিনেমাসংশ্লিষ্টরাও ইতিবাচক মনোভাব রাখছেন। সব মিলিয়ে এটা হতে পারে মার্ভেলের প্রত্যাবর্তনের সুযোগ।
সূত্র: ডেডলাইন










