একটা সময় বিলিয়ন ডলার আয় হতো হলিউডের সিনেমা থেকে। কিন্তু এখন বছরে এক বা দুটো সিনেমার বেশি সেই ল্যান্ডমার্কে পৌঁছতে পারে না। তবে ইদানীং ওয়েব সিরিজ তা করে ফেলছে। যেমন করেছে নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’। তবে সারা বিশ্ব নয়, কেবল কোরিয়া থেকেই সিরিজটির তৃতীয় সিজন আয় করেছে ১১০ কোটি ডলার।

২০২৫ সালের প্রথমার্ধ নেটফ্লিক্সের জন্য ভালো গেছে। স্কুইড গেমের প্রথম সিজনই এর কারণ। সিরিজটি কোরিয়ার বাজারে প্রিমিয়াম ভিডিও অন ডিমান্ড থেকে আয় করেছে প্রায় ১১০ কোটি ডলার। সেই সঙ্গে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৫ লাখে।

মিডিয়া পার্টনারস এশিয়ার অধীন রিসার্চ ফার্ম এএমপিডি জানাচ্ছে, গত ছয় মাসে মোটামুটি ১৫ লাখ নতুন পেইড সাবস্ক্রাইবার পেয়েছে ওটিটি প্লাটফর্মটি। মূলত টেলিভিশনের সঙ্গে যুক্ত করার সুবিধা পাওয়ার পর থেকে গ্রাহক বেড়েছে ৩৫ শতাংশ। নেটফ্লিক্সের প্রিমিয়াম গ্রাহকদের মধ্যে ৮২ লাখ কোরিয়ান। তবে এতে প্রতিযোগিতা কমছে না, বরং বাড়ছে। গবেষণায় দেখা গেছে, কোরিয়ানরা বাইরের কনটেন্ট দেখতে খুব একটা আগ্রহী না। তারা স্থানীয় কনটেন্টই দেখে। তারা গত চার মাসে যে পরিমাণ কনটেন্ট দেখেছে তার মধ্যে ৮৬ শতাংশ কোরিয়ান। কে-ড্রামা ধরে রেখেছে ৪৮ শতাংশ দর্শককে। কোরিয়ান সিনেমার দর্শক ১০ শতাংশ। ৬ শতাংশ দেখে যুক্তরাষ্ট্রের সিনেমা। তাই সহজ করেই বলা যায় যে নেটফ্লিক্স যদি কোরিয়ার দর্শক ধরে রাখতে চায় তাহলে তাদের কোরিয়ান কনটেন্ট নির্মাণে মনোযোগ দিতে হবে।

সূত্র: ভ্যারাইটি