বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। তার আসন্ন সিনেমা ‘ক্র্যাক’। অ্যাকশনধর্মী এ সিনেমায় আরো আছেন অর্জুন রামপাল ও বিদ্যুৎ জামওয়াল। নোরা মনে করেন, নারীদের নিয়েও এ ধরনের অ্যাকশনধর্মী সিনেমা তৈরি করা উচিত। বিশেষত নোরা চান, অভিনেতা বিদ্যুৎ জামওয়াল ও অর্জুন রামপালের মতো ’নেক্সট-লেভেল অ্যাকশন’ সিনেমায় কাজ করতে।

ক্র্যাকে নোরা বেশকিছু স্টান্ট করেছেন। এ অভিনেত্রী জানিয়েছেন, নৃত্যশিল্পী হওয়ার কারণে সিনেমার স্ট্যান্টগুলো করা তার জন্য সহজ হয়েছে। তিনি বলেন, ‘নৃত্যশিল্পী একজন অ্যাথলিটও। আমরা আমাদের শরীরকে যে স্তরে নিয়ে যাই, তা রীতিমতো পাগলামি! আপনি নাচ ও অ্যাকশনের ক্ষেত্রেও একই কাজ করেন। পরিচালক যখন একটি অ্যাকশন দৃশ্য তৈরি করেন, তখন আপনাকে একটি নির্দিষ্ট কোরিওগ্রাফি অনুসরণ করতে হয়।’

৩২ বছর বয়সী নোরা পিটিআইকে আরো বলেন, ‘আমি মনে করি, এটি (নৃত্য) আমাকে সাহায্য করেছে। অর্জুন ও বিদ্যুৎ দুর্দান্ত লেভেলের অ্যাকশন করেছিলেন। আমারও একটি অ্যাকশন সিকোয়েন্স ছিল, কিন্তু সেটি তাদের মতো কঠিন ছিল না।’ এর পরই তিনি আরো অ্যাকশন দৃশ্যে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। নোরা যোগ করে বলেন, ‘‌আমি আশা রাখি, একদিন লেখক ও নির্মাতারা নারী চরিত্র নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন, যাতে এ ধরনের স্টান্ট থাকবে। আমি তাদের মতো (অভিনেতাদের মতো) অ্যাকশন করতে চাই। কারণ আমি এখন এ ধরনের অ্যাকশন সিন করার জন্য প্রস্তুত।’ 

ক্র্যাক পরিচালনা করছেন আদিত্য দত্ত। নোরা এ সিনেমাকে ‘স্বশিক্ষিত অভিনেতা ও বহিরাগতদের’ চলচ্চিত্র হিসেবে উল্লেখ করছেন। তার কথায়, ‘আমরা সবাই জানি যে বলিউডে বহিরাগতদের সম্পর্কে কয়েক বছর ধরে বিতর্ক চলছে এবং কীভাবে বিশেষ সিনেমায় তাদের নেয়া হয় না ও কীভাবে চলচ্চিত্র নির্মাতারা বিশেষ করে বড় বাজেটের প্রকল্পে তাদের নেন না। বিদ্যুৎ ও আদিত্য বড় বাজেটের একটি সিনেমার মাধ্যমে এ প্রবণতাকে খোঁচা দিয়েছেন।’

মুম্বাইয়ের বস্তি থেকে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিম স্পোর্টস জগতে এক তরুণের যাত্রার গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যাকশন সিনেমা ক্র্যাক। এ সিনেমায় সে তরুণের চরিত্রে অভিনয় করছেন বিদ্যুৎ। তার চরিত্রের নাম সিদ্ধু। অর্জুন রামপাল আছেন খল চরিত্রে। ৫১ বছর বয়সী এ অভিনেতা এর আগে ‘‌ওম শান্তি ওম’, ‘‌রাওয়ান’ ও ‘‌ধাকড়’-এ খল চরিত্রে অভিনয় করেছেন। 

এছাড়া ক্র্যাকে আছেন ‘এক দিওয়ানা থা’খ্যাত অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তিনিও জানান, পাঁচ বছর বিরতির পর এ সিনেমায় অভিনয় করতে পেরে অত্যন্ত আনন্দিত। তাকে আবার স্ক্রিনে দেখা যাবে এ মাসের শেষে। কেননা ক্র্যাক মুক্তি পাচ্ছে ২৩ ফেব্রুয়ারি।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস