অনুষ্ঠান উপস্থাপনা করতে চান লিলি গ্ল্যাডস্টোন। তবে যেকোনো অনুষ্ঠান নয়। এক্ষেত্রে আছে তার নিজের পছন্দ। তিনি বিখ্যাত অনুষ্ঠান ‘‌স্যাটারডে নাইট লাইভ’ উপস্থাপনা করতে চান। সম্প্রতি পিপল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন লিলি। এনবিসির এ শো বহুদিন ধরেই লিলির প্রিয়। সম্ভব হলে একটি উপস্থাপনায় যুক্ত হতে চান তিনি।

স্যাটারডে নাইট লাইভের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা নিয়ে লিলি বলেন, ‘এটা আমার অনেকদিনের স্বপ্ন। তবে বহুদিন ধরে নিজের মধ্যেই রেখেছি সেটা।’

কিছুদিন হলো গোল্ডেন গ্লোব জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন। এর মধ্যে নানা জায়গা থেকেই ডাক পাচ্ছেন তিনি। তবে স্যাটারডে নাইট লাইভ থেকে কোনো ডাক পাওয়ার কথা এখনো শোনা যায়নি। অনুষ্ঠানটি তার জন্য গুরুত্বপূর্ণ। অস্কারপ্রত্যাশী এ অভিনেত্রী স্যাটারডে নাইট লাইভ হোস্ট করার সুযোগকে অস্কার জেতার মতোই মনে করেন। তিনি বলেন, ‘আমার কাছে বিষয়টি অস্কার পাওয়ার মতোই। কাউকে যেমন একটা বিষয় অনুপ্রাণিত করে, এটাও তেমন। আমার বাবা যদি শোনে আমি কখনো অস্কার পেতে পারি, সেটা যেমন গুরুত্বপূর্ণ, এটাও সে রকম। আমি সবসময়ই স্বপ্ন দেখেছি স্যাটারডে নাইট লাইভ উপস্থাপনা করার।’

স্যাটারডে নাইট লাইভ বিশ্বের অন্যতম জনপ্রিয় শো। ১৯৭৫ সালে শুরু হওয়া এ শো এখন পর্যন্ত ৪৯টি সিজন প্রচার করেছে। নানা সময় নানাজন এটি উপস্থাপনা করে থাকেন। অনুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে উপস্থাপক মজার মজার আলোচনা করেন। কমেডিঘেঁষা হওয়ার কারণে এ অনুষ্ঠান নিয়ে তাই দর্শকের মতো তারকাদেরও আগ্রহ বেশ।

লিলি গ্ল্যাডস্টোন এ সুযোগ পাবেন কিনা তা অনিশ্চিত। তবে তিনি যে ইতিহাস তৈরি করেছেন তা স্যাটারডে নাইট লাইভের তুলনায় অনেক বড়। এরই মধ্যে গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজসহ আরো কিছু পুরস্কার পেয়েছেন। জোর সম্ভাবনা আছে অস্কারে সেরা অভিনেত্রী হওয়ার।

সূত্র: পিপল ম্যাগাজিন