ময়মনসিংহের একটি পরিবারের নয় সদস্য ‘আত্মহত্যা’ করেছিল ১৭ বছর আগে। আলোড়ন তোলা সে ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য তৈরি করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত চক্র ওয়েব সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ১০ অক্টোবর বেলা ৩টায়।
সে উপলক্ষে শুভমুক্তির ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার দুপুর ১২টায়। অনুষ্ঠানে ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব ইস্পাহানি টি-লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান ও এ সময়ের জনপ্রিয় নির্মাতা ও চক্র সিরিজের পরিচালক ভিকি জাহেদ। সেই সঙ্গে ছিলেন সিরিজের প্রধান দুজন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও।
চক্র প্রসঙ্গে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে দৃশ্য ধারণের কাজ শেষ হলেও বাকি সব কাজ শেষ করতে পারছিলাম না। বহু বাধা পেরিয়ে এবার সে চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে। ২০০৭ সালে একই পরিবারের নয়জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা ঘটনার পেছনের মূল কারণ সেভাবে সামনে আসেনি। একেকজন একেক রকমভাবে ভেবে নিয়েছিলেন। আমরাও আমাদের জায়গা থেকে সে গল্পের সঙ্গে মিল রেখে কাল্পনিক থ্রিলার একটি গল্প এ সিরিজে দেখানোর চেষ্টা করেছি।’
চক্রর নির্মাণকে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘প্রেতে’র সঙ্গে তুলনা করেছেন ভিকি জাহেদ। তবে নির্মাণ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে পরিচালককে। ঘটেছে বিচিত্র সব ঘটনা, একটানা শুটিং করা সম্ভব হয়নি।
নির্মাতা বলেন, ‘কাজটি করতে গিয়ে অনেক সহকর্মীকে হারিয়েছি। শুটিং শুরুর পর সিনেমাটোগ্রাফার জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যান। লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানকে হারালাম। কোনো একটা প্রজেক্টের সঙ্গে জড়িত এতগুলো মানুষ একে একে চলে গেছেন, এমন নজির বোধহয় আর নেই। এ ধাক্কাটুকু সামলে উঠতেই খুব কষ্ট হয়েছে আমার। এমনও হয়েছে, একজনকে নিয়ে শুট করেছি, কিছুদিন পর শুনি তিনি আর নেই। এরপর যখন ওই চরিত্রে নতুন কাউকে নিয়ে আবার শুরু করলাম, কিছুদিন পর দেখি তিনিও নেই। চলতি বছরের শুরুর দিকে কাজটি শেষ করি।’










