বাংলাদেশের বেসরকারি বিনোদনমূলক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। চ্যানেলটি বেশ পুরনো না হলেও পাড়ি দিয়েছে অনেক পথ। কয়েক বছরের মধ্যেই এটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এ চ্যানেলে প্রচারিত ‘সুলতান সুলেমান’ ধারাবাহিকটি তুমুল দর্শকপ্রিয়তা পায় সব বয়সের দর্শকের কাছে। এবার দীপ্ত টিভি নিয়ে আসছে ‘ফুলবাহার’ নামে নতুন একটি ধারাবাহিক।
এটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজিব। যুবরাজ খান এর পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম (ফুল), আহসান হাবিব নাসিম (বাহার), নাদের চৌধুরী, মামুনুর রশিদ, মুনমুন আহমেদ, সানজিদা প্রীতি, ইফ্ফাত আরা তিথি, মাইমুনা মম, নুসরাত জান্নাত রুহী, জোজন, রিজুয়ান পারভেজ, আহম্মেদ গিয়াস, আনোয়ারা শাহীসহ আরো অনেকে।
ফুল ও বাহার চরিত্র দুটি একে অন্যের স্বপ্নের পরিপূরক। গল্পের মূল চরিত্র ফুল সাধারণ বাঙালি মধ্যবিত্ত তরুণের প্রতিনিধি। তার সঙ্গে যুক্ত হয় এক ঐতিহাসিক আত্মা বাহার। পলাশীর প্রান্তরে সিরাজদ্দৌলার পরাজিত সৈনিকদের একজন। অতৃপ্ত আত্মা বিশ্বাসঘাতক মীরজাফরদের খুঁজে খুঁজে সে শাস্তি দিতে চায়। নিজের গ্রাম, পরিবার ও পরিবেশের উন্নয়নে অংশগ্রহণের আকাঙ্ক্ষায় বাহারের ভূত কাঁধে নিয়ে ফুল শহরে আসে মামার বাড়িতে। এরপর শুরু হয় ফুল-বাহারের নতুন জীবন। একদিকে যুঁথি আর বীথির প্রেম ও প্ররোচনা অন্যদিকে সামাজিক নানা অসংগতি। ফুল ও বাহার কি পারবে সবকিছুর সমাধান করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে?










