আর বালকি পরিচালিত ‘‌চুপ: রিভেঞ্জ অব দি আর্টিস্ট’ ২০২২ সালে নির্মিত একটি ক্রাইম থ্রিলার সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী সানি দেওল। এছাড়া দুলকার সালমান ও শ্রেয়া ধন্বন্তরিসহ আরো অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সিনেমা সমালোচকদের প্রশংসা পেয়েছিল। এবার ভারতীয় সংবাদমাধ্যমে আর বালকি জানালেন চুপ সিনেমায় সানি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা।

বালকি জানান, ‘‌চুপ: রিভেঞ্জ অব দি আর্টিস্ট’ সিনেমায় কাস্টিং নিয়ে বেশ কয়েকদিন ধরে ভাবছিলেন তিনি। এ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। কিন্তু এটা এতটা সহজ ছিল না কাস্টিং করার সময়ে। কারণ সানি তার উচ্চৈঃস্বরে ডায়ালগ দেয়ার জন্য সুপরিচিত ও জনপ্রিয়।

চুপ সিনেমার গল্প একজন সিরিয়াল কিলারকে নিয়ে। যাকে খুঁজতে ব্যস্ত মুম্বাই পুলিশ। আর এ কেসের দায়িত্বে থাকেন আরবিন্দ মাথোর নামের একজন পুলিশ অফিসার। এ চরিত্রেই দেখা মেলে সানি দেওলের। বিগত সিনেমায় উচ্চৈঃস্বরে ডায়ালগ দেয়ার জন্য সানির জনপ্রিয়তা থাকলেও এ সিনেমায় তার উল্টো ছিলেন। এ নিয়ে বালকি বলেন, ‘‌সানি দেওল ছিলেন খুব পছন্দের একজন অভিনেতা। চুপ শুটিং করা হয়েছিল গদর টু সিনেমার কিছুদিন আগেই। সানি অভিনয় করার জন্য প্রস্তুত আছেন কিনা সেটা আমি চুপের কাস্টিং করার সময়ে জানতাম না। শুটিং শুরু হলে আমরা বেশ ভালোভাবে কাজটা করি। তবে সানি অভিনয় করছে আর চিৎকার করছে না এটা আমি নিজেই মেনে নিতে পারছিলাম না। পরে আমাদের সিনেমা শুটিংয়ের শেষ দিন আমি সানিকে বললাম, সানি তুমি শুধু চিৎকার করো। সানি বলল, আমি কীভাবে চিৎকার করব। জবাবে আমি তাকে বলি দরজাটা ভাঙো এবং উচ্চৈঃস্বরে চিৎকার করো। সানি তাই করল এবং পুরো মেঝে কেঁপে উঠল। তখনই কেউ একজন দৌড়ে এসে জিজ্ঞেস করল কী হয়েছে। এটা দারুণ অভিজ্ঞতা ছিল আমার জন্য।’

বালকি জানান, ভারতীয় সেন্সর বোর্ড থেকে সানির চিৎকারের ওই দৃশ্যটা মিউট করে দেয়া হয়েছিল। তবে ওটিটির দর্শক চুপের ওই দৃশ্যে সানির চিৎকার দেখতে পেয়েছে।

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস