সোনিয়া হোসেন টিভি নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু করেন। অভিনয়ের পাশাপাশি মডেল, নির্মাতা ও উপস্থাপিকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। আলভী আহমেদের পরিচালনায় ‘ইউটার্ন’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় পা রাখেন। সম্প্রতি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন তিনি, সিনেমার নাম ‘১৯৭১ সেইসব দিন’। হৃদি হকের পরিচালনায় এ সিনেমার একটি গানে দেখা যাবে সোনিয়াকে। চলতি বছরে এটি মুক্তির কথা থাকলেও এখনো এ নিয়ে নির্মাতা চুপ রয়েছেন। এ সম্পর্কে সোনিয়া বলেন, ‘আমি হৃদি আপার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ তিনি আমাকে তার পরিচালিত প্রথম সিনেমা ১৯৭১ সেইসব দিনে কাজ করার সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, সিনেমার একটি গানে আমাকে যতটা গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা যায়, সে চেষ্টাও করেছেন। আমিও আমার সবটুকু দিয়েই চেষ্টা করেছি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে। এখন সিনেমাটি মুক্তির প্রতীক্ষায়। এতে অনেক গুণী শিল্পী অভিনয় করেছেন। যে কারণে একে নিয়ে আমি ভীষণ আশাবাদী। সিনেমাটিতে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম। এখন শুধু মুক্তির প্রহর গুনছি।’
ছবিটি মুক্তির কথা ছিল আগামী বিজয় দিবসে। এ নিয়ে সোনিয়া জানান, বিজয় দিবসে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এটি আসলে কবে প্রেক্ষাগৃহে আসবে, সেটি নির্ভর করছে হৃদি হকের সিদ্ধান্তের ওপর।
অভিনেত্রী-নির্দেশক হৃদি হক পরিচালিত সিনেমাটির শুটিং গত বছরই শেষ হয়েছে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন হৃদি হক। ছবিটির মূল গল্প ও ভাবনা হৃদি হকের বাবা দেশবরেণ্য নাট্যজন ড. ইনামুল হকের।










