পড়ালেখার শেষের দিকে একটা অধ্যায় ইন্টার্নশিপ। চোখে-মুখে স্বপ্ন, আনন্দ, উত্তেজনা, মজা নিয়ে একজন স্নাতক শেষ হওয়া শিক্ষার্থী নতুন জীবনে ঢোকে। এ জীবনের ফান-ফুর্তি আর নানা মজার গল্প নিয়েই নির্মিত হয়েছে অলটাইম নিবেদিত চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’। আজ রাত ৮টায় মুক্তি পাবে সিরিজটি।

পরিচালক রেজাউর রহমানের পরিচালনায় এ সিরিজে দেখা যাবে বর্তমান সময়ের একঝাঁক তরুণ অভিনেতাদের। এ সম্পর্কে পরিচালক বলেন, ‘সিরিজটি লেখার সময় প্রাথমিকভাবে এর নাম দেয়া হয়েছিল ইন্টার্ন। তবে এটা জানা ছিল, ফাইনাল টাইটেল ইন্টার্ন দেব না। কী দেব, সেটাও বুঝে উঠতে পারছিলাম না। পরে বুঝলাম, নামটা আসলেই মূল গল্পের মধ্যে ছিল। ভেড়াকে আমরা প্রায়ই দেখি দল বেঁধে থাকতে। লাঠি দিয়ে কেউ রাস্তা দেখায় তাদের।| তখনই মনে হলো, ইন্টার্নদের জীবনও কিছুটা এ রকমই। নো চয়েজ, নো ভয়েজ। বস যা বলে তাই করতে হয়। আমাদের গল্পের ইন্টার্নরাও সে রকম। এভাবেই ইন্টার্ন থেকে টাইটেল হয়ে গেল ইন্টার্নশিপ।’ 

ইন্টার্নশিপ ওয়েব সিরিজে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, মীর রাব্বী, শম্পা রেজা, তাসলিমা হোসেন নদী, প্রিয়ন্তী উর্বী, সারা আলম, সাদিয়া আয়মান, মাখনুন সুলতানা মাহিমা, সাইফ ইমাম, মোরশেদ মিশু, অর্পন চাকমা, আমিন হান্নান চৌধুরী, নাফিস আহমেদ, মুকুল সিরাজ, টনি মাইকেল, রোথশি সিদ্দিকা, কাজী তানভীর রশিদ, সোহাগ, আরেফিন জিলানি প্রমুখ। সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। নতুন বছরের প্রথম কাজ ও শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সৌম্য বলেন, ‘দারুণ একটি কাজ। পুরো স্ক্রিপ্ট খুবই ইন্টারেস্টিং। বর্তমান বাস্তবতার সঙ্গে বেশ মিল রয়েছে। সবাই প্রায় সমবয়সী হওয়ায় শুটিংয়ের সময়টা বেশ উপভোগ করেছি। এ ধরনের সিচুয়েশনাল কমেডি এখন বেশ ট্রেন্ডি। এ সিরিজে আসলে জবের প্রথম দিন থেকে মাসের শেষ পর্যন্ত বিভিন্ন ছোট ছোট বিষয় তুলে ধরা হয়েছে। সিরিজটির সময় যত এগিয়ে আসছে, তত বেশি এক্সাইটেড লাগছে।’ 

এ সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘গল্পের চরিত্রের সঙ্গে আমার বাস্তব চরিত্রের মিল আছে। ফলে কাজটা করতে খুব বেশি কষ্ট হয়নি। অন্যদিকে আমার সহশিল্পী সৌম্যর সঙ্গে আগেও কাজ করেছিলাম। তাই আমাদের সম্পর্ক বেশ ভালো। এটা দেখে অনেকে ইন্টার্নশিপের ব্যাপারে আগ্রহী হবে। অফিসের অনেক বাস্তবতা বুঝতে পারবে।’

প্রবীণ ও গুণী অভিনেত্রী শম্পা রেজা। তিনি বলেন, ‘এত তরুণদের সঙ্গে কাজ করতে গিয়ে নিজেকেও তরুণ মনে হয়েছে। এ সিরিজে তরুণদের বাস্তবিক স্পিরিট খুবই দারুণ ছিল। ফান ও ক্রিয়েটিভিটির মিশেলে দারুণ এক সিরিজ। সব মিলিয়ে দারুণ একটি কাজ হলো ইন্টার্নশিপ।’

ছয় পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কারিনা কাইসার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন রফিকুল ইসলাম, এডিট করেছেন নিশান মাহমুদ। শব্দ বিন্যাসে রিপন নাথ ও মিউজিক করেছেন রায়হান ইসলাম শুভ্র।