রিয়াদে আয়োজিত হলো জয় অ্যাওয়ার্ডস। সিনেমার এ আয়োজনে সামিল হয়েছিলেন বিশ্বের নানা ইন্ডাস্ট্রির তারকারা। ছিলেন ভারতের অভিনেতা-অভিনেত্রীরাও। এর মধ্যে আলিয়া ভাট অন্যতম। তিনি কেবল অংশগ্রহণই করেননি, একটি সম্মাননাও পেয়েছেন। তাকে দেয়া হয়েছে অনারারি এন্টারটেইনমেন্ট মেকারের পুরস্কার। এটি নিয়ে তিনি জয় অ্যাওয়ার্ডসের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সিনেমার প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেন আলিয়া।
আলিয়ার বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রচার পাচ্ছে। তিনি বলেন, ‘এখানে এ দেশের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যাবান মনে করছি। বিশেষ ভালো লাগছে, কেননা এখানে এক ছাদের নিচে বিশ্বের নানা অঞ্চলের সিনেমার মানুষের সমবেত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আসলে খুব বেশি এমন আয়োজন দেখা যায় না, যেখানে পূর্ব ও পশ্চিমের সিনেমার প্রতিভাবান মানুষেরা একত্র হন। এ আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।’
আলিয়া আরো বলেন, ‘আজকের রাতটা সত্যিই অসাধারণ। আমি নিজে সিনেমা নিয়ে সবসময় আবিষ্ট থাকি। সিনেমাই একমাত্র বিষয় যা আমি জানি। আমি আগেও বলেছি, জন্মের পর থেকেই মনে হয় লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে এসে গেছি। আমার কাছে সবই তাই সিনেমা।’
এমন বলার অবশ্য যথেষ্ট কারণ আছে আলিয়ার। তিনি জন্মেছেন মহেশ ভাটের ঘরে। বিয়ে করেছেন রণবীর কাপুরকে। সবসময়ই সিনেমার মধ্যে আছেন। সিনেমা ও সিনেমাসংশ্লিষ্ট সবই ভালোবাসেন তিনি। এ নিয়ে আলিয়া বলেন, ‘জীবনের আনন্দ নিয়ে যদি বলতে হয়, যা কিছু আমরা ভালোবাসি তাতেই আনন্দ। তাই আজ যখন আমি বাড়ি ফিরব, রিয়াদ থেকে নিয়ে যাব একমুঠো ভালোবাসা। সিনেমার এ আয়োজন আমাকে দিয়েছে সেই ভালোবাসা। আবারো ধন্যবাদ এবং সিনেমার জাদুকেও ধন্যবাদ।’
রিয়াদের এ আয়োজনে ছিলেন সালমান খানও। ২০২২ সালে রিয়াদের জয় অ্যাওয়ার্ডসে সালমানকে সম্মানিত করা হয়েছিল। এবার তিনি মিসরের একজন অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন। পুরস্কার অনুষ্ঠানের বাইরে তাকে দেখা গেছে হলিউড অভিনেতা অ্যান্টনি হপকিন্সের সঙ্গে। সালমান খান তার সঙ্গে ছবি তুলেছেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










