৬ আগস্ট মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ‘হিরোশিমা দিবস’।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪৫-এর এইদিনে আমেরিকার আণবিক বোমা হামলায় জাপানের হিরোশিমা ও ৯ আগস্ট নাগাসাকিতে মোট নিহত হয় প্রায় ২ লাখ ৪৭ হাজার এবং আহত হয় অগণিত মানুষ।

দিবসটি স্মরণে শান্তির স্বপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ২৩ বছর ধরে নিয়মিতভাবে নানা আনুষ্ঠানিকতায় পৃথিবীর একমাত্র নাট্যদল হিসেবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল। এবারো যথারীতি দিবসটি পালনের প্রস্তুতি নিচ্ছে। তবে বর্তমান অনিবার্য পরিস্থিতিতে ১৬ আগস্ট ‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’ গান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে ‘হিরোশিমা দিবস ২০২৪’ স্মরণে অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বপ্নদল।

হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭৯ বছর পূর্তি স্মরণে আয়োজিত ‘হিরোশিমা দিবস ২০২৪’-এর অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত থাকছে হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার, আলোকচিত্র, ভিডিও-ইনস্টলেশন আর্ট প্রদর্শনী। শুরু হবে বিকাল ৫টায়।

বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ত্রিংশ শতাব্দী প্রযোজনাটির রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। 

‘হিরোশিমা দিবস ২০২৪’ আয়োজনে স্বপ্নদলের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশে জাপান দূতাবাস, জাপানের বাংলাদেশ দূতাবাস, দক্ষিণ আফ্রিকার মালাউইর নাট্যসংগঠন নাজকা আর্টস থিয়েটার, ফ্রান্সের নাট্য সংগঠন লাবেলইকুইপ, অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন, ভারতের ঢাকুরিয়া নাট্যমুখ, শ্রীলংকার রেড অপেল ইন্টারন্যাশনাল থিয়েটার গ্যাদারিং, ভারতের নাট্যসংগঠন রিষড়া দূরায়ণ, জাপানের কাহাল গ্যালারি ও ভারতের নাট্য পত্রিকা কলকাতা থিয়েটার গাইড।

প্রসঙ্গত, স্বপ্নদলের নিয়মিত ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন, হিরোশিমা দিবস পালন প্রভৃতি যুদ্ধ-আণবিক অস্ত্রবিরোধী গুরুত্বপূর্ণ প্রয়াসের জন্য জাপান সরকার স্বপ্নদলকে আনুষ্ঠানিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘জাপান ফরেন মিনিস্টারস কমেন্ডেশন ২০১৯’ প্রদান করে।