বাংলা রক গান নিয়ে দুই বাংলার বড় আয়োজন ‘মৈত্রী কনসার্ট’। আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে মৈত্রী কনসার্টের চতুর্থ আসর। এবারের আসরে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই রক ব্যান্ড মেকানিক্স ও আফটারম্যাথ। কলকাতার দমদম রবীন্দ্র ভবনে শুরু হবে এ কনসার্ট। বাংলাদেশ ও ভারতের আটটি ব্যান্ড পারফর্ম করবে এবার। দেশের দুই ব্যান্ডের সঙ্গে ভারতের ‘পৃথিবী’, ‘আত্মহত্যা’, ‘ডেথলোর’, ‘রেডিওনিউক্লাইড’, ‘দ্য ভ্যাগাবন্ডস’ ও ‘ফেসব্রোক’ ব্যান্ডও অংশ নেবে চলতি বছরের আসরে। কয়েক বছর ধরে কলকাতায় আয়োজিত হয়ে আসছে রক সংগীতের এ আয়োজন। বাংলাদেশ ও কলকাতা দুই দেশের রকশিল্পীর পারফরম্যান্স একসঙ্গে দেখতে প্রতি আসরেই থাকে শ্রোতাদের বাঁধভাঙা উপস্থিতি। ওপার বাংলার রক ব্যান্ডের শ্রোতা যেমন বাংলাদেশে রয়েছে, তেমনি দেশের ব্যান্ডগুলোর ভক্তও রয়েছে ওপারে। তাই সময়ের সঙ্গে মৈত্রী কনসার্ট দুই বাংলার রকপ্রেমীদের মিলনস্থলে পরিণত হয়েছে।

বিষয়টি নিয়ে মেকানিক্সের ব্যবস্থাপক মিথুন হাসান বলেন, ‘এবারই প্রথম আমরা কলকাতায় পারফর্ম করতে যাচ্ছি। সেখানে আমাদের অনেক ভক্ত আছেন। ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আফটারম্যাথও পারফর্ম করবে সেখানে। আশা করছি, দারুণ একটি অনুষ্ঠান উপহার দিতে পারব আমরা।’ জানা যায়, কনসার্টের দিন শনিবার সকালে তারা কলকাতায় পৌঁছাবেন। কনসার্ট শেষ করে ১৬ নভেম্বর ঢাকায় ফেরার পরিকল্পনা তাদের। 

এবারের কনসার্টটি আগের তিনবারের থেকেও বড় করার পরিকল্পনা রয়েছে আয়োজক প্রতিষ্ঠান জেন নেক্সটের। এ কনসার্টের অন্যতম আয়োজক বিপাশা সরকার ভারতীয় সাময়িকী ‘আনন্দলোক’কে বলেন, ‘২০১৭ সালে কয়েকটি ব্যান্ড আমাকে জানিয়েছিল কলকাতায় অনেক বড় পরিসরে কনসার্ট হয়, তবে নতুন ব্যান্ডের কথা কেউ ভাবে না। সে সময় আমি রক ব্যান্ড নিয়ে ছোট কনসার্ট করতাম। তখন ঠিক করি কিছু একটা করতে হবে। আমি কলকাতার ও বাংলাদেশের কয়েকজন মিউজিশিয়ানের সঙ্গে কথা বলি। কলকাতা থেকে গাবুদা, কৌশিকদা, বাংলাদেশের সাইমুম হাসান, রাফা ও আইয়ুব বাচ্চু ভাই সাপোর্ট করেন। কিছুদিন পর বাচ্চু ভাই মারা গেলে সব প্ল্যান থমকে যায়। পরে আমি নিজেই নিজের উদ্যোগে প্রথম মৈত্রী কনসার্ট করি সন্তোষ মিত্র স্কোয়ারে। কলকাতায় বড় কনসার্টগুলোয় নতুন ব্যান্ডগুলো খুব বেশি সুযোগ পায় না। তাই চেষ্টা করছি, দুই বাংলার পুরনো ও নতুন ব্যান্ডদের নিয়ে একটা বড় আয়োজন করার, যাতে নতুন ব্যান্ডগুলোর পথচলা একটু হলেও সহজ হয় আর তারা যেন তাদের গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছাতে পারে।’

এর আগে কলকাতায় মৈত্রী কনসার্টের তিনটি আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে আর্বোভাইরাস, পাওয়ারসার্চ, আর্টসেলসহ কয়েকটি ব্যান্ড।