ক্লোয়ি ঝাও এক দশকের বেশি সময়ের মধ্যে নারী হিসেবে সেরা পরিচালকের অস্কার জিতেছেন এবং ইতিহাসে এ কৃতিত্বের অধিকারী দ্বিতীয় নারী তিনি। নোমাডল্যান্ড ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন ঝাও। অন্যদিকে প্রথম এশীয় ও অশ্বেতাঙ্গ নারী হিসেবে অস্কারে সেরা পরিচালক হলেন তিনি।
এমন কৃতিত্বের জন্য ক্লোয়ি ঝাও যখন দুনিয়াজুড়ে প্রশংসিত হচ্ছেন তখন উল্টো চিত্র যেন তার মাতৃভূমি চীনে। তাকে নিয়ে চীনের সোস্যাল মিডিয়ায় কোনো পোস্ট দিলে তা গায়েব হয়ে যাচ্ছে। চীনের মাইক্রোব্লগিং সাইট উইবোতে চীনা ভাষায় ক্লোয়ির নাম লিখে সার্চ দিলে আসছে চীনের এক সরকারি কর্মচারীর নাম।
ক্লোয়ি ঝাওয়ের ছবি নোমাডল্যান্ড এবার অস্কারে জিতেছে সেরা ছবির মর্যাদা। এর অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড পেয়েছেন সেরা অভিনেত্রীর অস্কার। কিন্তু এতসব সাফল্যও চীনের শাসকদের নীরবতা ভাঙাতে যথেষ্ট নয়। বরং ক্লোয়ির অস্কার জয়ের খবর চীনের সোস্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে সেন্সর করা শুরু হয়েছে।
গতকাল সকালে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠান চীনে প্রচারিত হয়নি। তবে চীনের অনেকেই সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভিডিও ক্লিপস থেকে ৩৯ বছর বয়সী ক্লোয়ির সাফল্যগাথা দেখেছেন। অনেকে তাকে অভিনন্দন জানাতে ভোলেননি। উইবোতে একজন লিখেছিলেন, ‘তিনি শুধু চীন নয় বরং সব এশীয় মানুষের গর্ব।’
আরেকজন লেখেন, ‘অস্কার, চীনা, নারী ও পরিচালক শব্দগুলো মিলে এখন গর্বিত একটি বাক্য তৈরি করেছে।’
ক্লোয়ির সেরা পরিচালক হওয়ার পোস্টগুলো ১ ঘণ্টা টিকে ছিল। কিন্তু যেই না নোমাডল্যান্ড সেরা ছবির অস্কার জিতে নেয় অমনি উইবোসহ অন্যান্য সোস্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট পোস্ট মুছে যাওয়া শুরু হয়। এ নিয়ে চীনের মার্কিন কনস্যুলেটের কর্মকর্তা ও সাধারণ ব্যবহারকারীরা অভিযোগ জানাতে শুরু করেন।
ঝাওয়ের বিশ্ববিদ্যালয় ছিল সাংহাইতে। সেখানে অস্কার অনুষ্ঠানটি অনেকে লাইভস্ট্রিম করার উদ্যোগ নিয়েছিলেন ভিপিএন ব্যবহার করে, কিন্তু সেখানেও বাদ সাধে চীনা প্রশাসন। উদ্যোগীরা ঘণ্টা দুয়েক ভিপিএন ব্যবহার করতে পারেননি।
সূত্র: দ্য গার্ডিয়ান










