সব্যসাচী মুখার্জি ভারতের অন্যতম ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনার। তার ডিজাইন করা পোশাক বলিউড তারকা থেকে বিভিন্ন দেশের সেলিব্রিটিদের পছন্দ। সব্যসাচী মুখার্জির ব্র্যান্ডের নাম সব্যসাচী। সম্প্রতি ডিজাইনার ব্র্যান্ড সব্যসাচীর ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আরেক ভারতীয় ব্র্যান্ড আদিত্য বিড়লা ফ্যাশন।
ভারতজুড়ে ব্র্যান্ড সব্যসাচী বিখ্যাত। বিশেষত ভারতীয় মোটিফ ব্যবহার করে সব্যসাচীর বিয়ের পোশাক বিশেষভাবে জনপ্রিয়। অন্যদিকে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেডের অধীন রয়েছে ভ্যান হিউজেন, অ্যালেন সলি, লুই ফিলিপ ও পিটার ইংল্যান্ডের মতো ব্র্যান্ড। আদিত্য বিড়লা ফ্যাশন এবার ভারতের ঐতিহ্যবাহী পোশাকের বাজারে প্রবেশ করতে চাইছে। এ সূত্রেই তারা চুক্তি করেছে সব্যসাচীর সঙ্গে। আদিত্য বিড়লা সব্যসাচীর ৫১ শতাংশ শেয়ার কিনেছে ৩৯৮ কোটি রুপির বিনিময়ে।
২০২০ সালে ব্র্যান্ড সব্যসাচীর আয় ছিল ২৭৪ কোটি রুপি। সব্যসাচীর প্রতিষ্ঠাতা ও সিইও সব্যসাচী মুখার্জি আদিত্য বিড়লার সঙ্গে চুক্তিকে দেখছেন তার ব্র্যান্ডের দিগন্ত আরো প্রসারিত করার সুযোগ হিসেবে। তার কথায়, ‘আমাদের চিন্তায় মিল আছে এবং আমরা উত্কর্ষে বিশ্বাসী। আমরা একসঙ্গে কাজ করে ভারত থেকে একটা সত্যিকার বৈশ্বিক লাক্সারি ব্র্যান্ড তৈরি করতে চাই।’
অন্যদিকে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতের একটি বৈশ্বিক লাক্সারি হাউজ হিসেবে সব্যসাচীর যাত্রায় যুক্ত হতে পেরে আনন্দিত। একই সঙ্গে এর মাধ্যমে তারা নিজেদের এথনিক ওয়্যার পোর্টফোলিওকে সমৃদ্ধ করতে চায়।
ভারতের বাইরে এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে সব্যসাচীর উপস্থিতি রয়েছে। পোশাকের পাশাপাশি সব্যসাচীর অলংকারও ক্রেতাদের কাছে আকর্ষণের বিষয়। আদিত্য বিড়লা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আশীষ দীক্ষিত বলেছেন, ‘আমরা দেখেছি সব্যসাচীর মতো ‘মেড ইন ইন্ডিয়া’
বৈশ্বিক ব্র্যান্ড ভারতীয় পোশাকের পোর্টফোলিওতে নেতৃত্ব দিচ্ছে। কয়েক বছরের মধ্যে আদিত্য বিড়লা ফ্যাশন স্থানীয় পোশাকের পুরো বাজারে প্রবেশ করতে চায়—সাধারণ, প্রিমিয়াম ও লাক্সারি।’
সব্যসাচী ও আদিত্য বিড়লা ফ্যাশনের মধ্যে চুক্তি-পরবর্তী বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হতে আরো এক-দেড় মাস সময় লাগবে।
সূত্র: পিংকভিলা ও লাইভমিন্ট










