দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল এ ব্যান্ডে। এরই মধ্যে ২০ বছরের মাইলফলক স্পর্শ করেছে মেঘদল। দুই যুগের পথচলা উপলক্ষে একটি একক কনসার্টের আয়োজন করেছে তারা। আজ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। মেঘদল তাদের কনসার্টটির নাম দিয়েছে ‘শরতে মেঘদল’। বিকাল ৫টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ৮টা পর্যন্ত।
কনসার্টে মেঘদল তাদের নতুন ও পুরনো গানগুলো শ্রোতাদের সামনে হাজির করবে। এক ভিডিও বার্তায় মেঘদল জানিয়েছে, ২০ বছরের গানের পথচলায় এ একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের কাছে। সাধারণ কনসার্টে স্বল্পপরিসরে আমরা অনেক গান শোনাতে পারি না। অনেক গল্প না বলা থাকে। কনসার্টটি মূলত সে গল্পের, সে গানের; যারা আসলে মেঘদলকে ভালোবাসেন, মেঘদলের গানের-সুরের-কথার সঙ্গে আছেন এবং থাকবেন, তাদের জন্যই এ কনসার্ট।
ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন সদস্য মেজবাউর রহমান সুমন বলেন, ‘নতুন আর পুরনো গানগুলো নিয়ে আমরা হাজির হব শ্রোতাদের সামনে। ২০ বছরের গানের পথচলায় এ একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের কাছে। তাছাড়া যারা মেঘদলের কথা ও সুরকে ভালোবেসে এ দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে ছিলেন, আছেন ও থাকবেন, তাদের জন্যই মূলত এ আয়োজন।’
‘ইভেন্টহোলিক’-এর উদ্যোগে আয়োজিত এ কনসার্টের টিকিট এরই মধ্যে সোল্ড আউট। ইভেন্টের সব তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে।
দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে মেঘদল। বর্তমানে তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে। মেঘদলের বর্তমান লাইনআপে আছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কি-বোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।










