চলতি সময়ে নিয়মিত অভিনয় করছেন মানসী প্রকৃতি। নাটক-সিনেমায় সমান তালে অভিনয় করছেন এ অভিনেত্রী। আর ঈদকে সামনে রেখে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। এবারের ঈদে তাকে একক ও ধারাবাহিক নাটক মিলিয়ে ১৮টি নতুন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন প্রকৃতি।
নাটকগুলো প্রসঙ্গে প্রকৃতি বলেন, ‘ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে আগে করা কিছু নাটকও রয়েছে। সব মিলিয়ে প্রায় ২০টি নাটকে এবারের ঈদে আমাকে দেখা যাবে। তবে প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা রয়েছে। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দর্শক নতুনত্ব খুঁজে পাবে। আশা করছি, নাটকগুলো সবার ঈদ আনন্দ দ্বিগুণ করবে।’
অভিনীত নাটক নিয়ে মানসী প্রকৃতি জানান, তার মধ্যে উল্লেখযোগ্য একক নাটক হচ্ছে এসএ হক অলিক পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত বিশেষ নাটক ‘পান্তা ভাতে ঘি’, আদিবাসী মিজানের ‘মা পুত ব্যাক্কল ২’, শামসুল আলমের ‘পাশের ঘরের মিষ্টি ভাবী’, সাগর খানের ‘আমার স্বপ্ন তুমি’, এমএএইচ হান্নানের ‘বখাটে প্রেম’, শফিক বাবুর ‘হাবভাব’। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে নাসির উদ্দিন মাসুদের সাত পর্বের ‘সুপার সিক্স’। এছাড়া আরো কয়েকটি নাটকে কাজ করবেন বলে জানিয়েছেন প্রকৃতি।
অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে প্রকৃতি অভিনীত দুটি সিনেমা। এগুলো হচ্ছে ‘অগ্নিশিখা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। আরিফুর জামান আরিফ পরিচালিত ‘অগ্নিশিখা’ সিনেমার নাম সম্প্রতি পরিবর্তন করে ‘যন্ত্রণা’ রাখা হয়েছে। অগ্নিশিখা নামে এর শুটিং শুরু হলেও নির্মাণ কাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন যন্ত্রণা নামে সেন্সরে যাচ্ছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও মানসী প্রকৃতি। ঈদের পর সিনেমা দুটি মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী। এছাড়া ঈদের পর নতুন সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। নতুন বছরে শুটিং সেটেই ‘ঠোকর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মানসী প্রকৃতি। মডেলিং ও নাটকের মধ্য দিয়ে তার রুপালি জগতে যাত্রা। জেসমিন আক্তার নদী পরিচালিত ‘জল শ্যাওলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক এ অভিনেত্রীর।










