সুহানা খান আলোচনায় আসেন কারণে-অকারণে। শাহরুখ কন্যা গত বছর ‘‌দ্য আর্চিস’-এর মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেছেন। এ বছরের শুরুতেই দামি প্রপার্টি কিনে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। মুম্বাইয়ের কাছেই আলীবাগে ১০ কোটি রুপির বেশি দাম দিয়ে কিনেছেন প্রপার্টি। এ নিয়ে সাগর পারে তিনি দ্বিতীয়বার সম্পত্তি কিনলেন। 

দ্য ইকোনমিক টাইমস সূত্র জানিয়েছে, প্রায় দুই একর জায়গাজুড়ে তিনটি স্থাপনা আছে এমন প্রপার্টি কিনেছেন সুহানা। ১২ ফেব্রুয়ারি সুহানা নিজে এ-সংক্রান্ত চুক্তি করেন এবং পরের দিন স্ট্যাম্প ডিউটি বাবদ ৫৭ লাখ রুপি পরিশোধ করেছেন। 

কিছুদিন আগে তিনটি বাড়িসহ দেড় একরের একটি সম্পত্তি কেনেন সুহানা। এজন্য তাকে খরচ করতে হয়েছে প্রায় ১৩ কোটি রুপি। স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন ৭৭ লাখ রুপি। গত বছর ১ জুন এ সম্পত্তি তার নামে দলিল হয়। এর অবস্থান থাল গ্রামে। একসময় এ সম্পত্তি ছিল প্রয়াত অভিনেত্রী দুর্গা খোটের বংশধরদের। যে দুটো সম্পত্তি সুহানা কিনেছেন সেগুলোর অবস্থান কাছাকাছি।

মুম্বাই শহর থেকে আলীবাগের দূরত্ব ১০০ কিলোমিটার। এখানে সুহানার বাবা শাহরুখ খানেরও ম্যানসন আছে। আলীবাগের প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশের কারণে সেখানে ভারতের অনেক সেলিব্রেটিই বাড়ি কিনেছেন। জুহি চাওলা এখানে করেছেন অর্গানিক ফার্ম। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, শচীন টেন্ডুলকার, রোহিত শর্মার সম্পত্তি আছে আলীবাগে। বিরাট কোহলি ও আনুশকা শর্মা প্রায় ২০ কোটি রুপিতে এখানে আট একর জমি কিনেছেন।

সূত্র: বলিউড হাঙ্গামা