ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাখ লাখ মানুষ ও অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ ও তিন বাহিনীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন। লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’
বন্যাকবলিত এলাকার কিছু ছবি শেয়ার করেছেন বুবলী। সেখানে দেখা যায়, প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে, কেউ জীবন রক্ষায় গামলায় বসিয়েছেন কোমলমতি শিশুকে। আবার কাউকে দেখা যায় গৃহপালিত পশু ও প্রাণীকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন। সব মিলে দুর্বিষহ চিত্র ফুটে উঠেছে।
বুবলী লিখেছেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
এদিকে বন্যার্ত এলাকার একটি ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’
দেশের জনপ্রিয় ইনফ্লুয়েনসার ও সংগীতশিল্পী তাসরিফ খান। তাদের উদ্ধারে সাহায্য করতে উদ্ধারসামগ্রী নিয়ে ফেনী যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে এ খবর জানান তাসরিফ। তিনি লেখেন, ‘লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে দুটি স্পিটবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি। আল্লাহ চাইলে খুব দ্রুত পৌঁছে আমরা দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক শিফটে কাজ কারার চেষ্টা করব।’
সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তাসরিফ আরো লিখেছেন, ‘তাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করব। কার্যক্রম শুরু করে নেটওয়ার্ক পেলে আপনাদের যোগাযোগের নম্বর দেব এবং আপডেট জানাব।’
একটি শিশুর ছবি পোস্ট করে ক্যাপশনে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘আল্লাহ! কী করব আমি! বুকের ভেতর দুমড়ে-মুচড়ে যাচ্ছে। এ চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাব! আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন...আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাআল্লাহ।’
চিত্রনায়িকা নিপুণ আক্তার লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল।’
সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লিখেছেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সবাই যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন প্লিজ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল। প্রতিটি ওয়ার্ডে তরুণ, যুবকরা মিলে টিম গঠন করে মানুষকে সহযোগিতা করা অতি জরুরি হয়ে গেছে, অনুরোধ করব সবাই এগিয়ে আসুন, বন্যাকবলিত মানুষের পাশে থাকুন।’
অভিনেতা আরশ খান লিখেছেন, ‘যে যার সাধ্যমতো বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই। সবাই মিলে এক হলে এমন বিপদ মোকাবেলা করা সহজ হবে। আল্লাহ সহায় হোন। সামর্থ্য যদি ১০০ টাকা থাকে, ওটা নিয়েই এগোই লজ্জার কিছু নাই।’
চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।
অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী ও কুমিল্লা ভয়ঙ্কর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারা দেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো। বেশকিছু স্পিডবোট পরশুরামের উদ্দেশে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।’ একই পোস্ট নিজের আইডি থেকে শেয়ার করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
এছাড়া অভিনেত্রী নাদিয়া আহমেদ, সাদিয়া আয়মান, মনিরা আক্তার মিঠুসহ অনেক তারকা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।










