বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতি সপ্তাহেই একক নাটকের আয়োজন রাখে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘মাতৃত্ব’। মোজাম্মেল হক নিয়োগীর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন, মিলি বাসার, সাঈদ বাবু, তাহমিনা মৌ, মনির আহম্মেদ শাকিল, মেহেরীন জাহান শান্তামনি, দোলা, তমাসহ আরো অনেকে।

মাতৃত্ব নাটকটির গল্প নিয়ে জানতে চাইলে বিটিভির পক্ষ থেকে জানানো হয়, নাটকের গল্পে দেখা যাবে দুই পরিবারের মধ্যে এক পরিবার খ্রিস্টান অন্য পরিবার মুসলিম। খ্রিস্টান সম্প্রদায়ের মা ফ্লোরা ছেলে জেমসের সঙ্গে থাকে। জেমসের স্ত্রী এক বছরের সন্তান রেখে মারা যায়। অন্যদিকে মুসলিম পরিবারের রাহেলা তার দুই বছরের সন্তানকে নিয়ে বসবাস করে। তার স্বামী মিজান বিদেশে থাকে। রাহেলা খ্রিস্টান পরিবারের সন্তানটিকে মাতৃস্নেহে বড় করতে থাকে। এরপর নানা ঘটনাকে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়ে যাবে। মূলত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও মাতৃত্ববোধের গল্প নিয়েই এ নাটক।