সাদাকালো বলিউডের সুপারস্টার দেব আনন্দ। তিনি এমন অভিনেতা যে নিজের স্বর্ণালি সময় পার করেও ধরে রেখেছিলেন আলোচনা। দেব আনন্দকে আজও অনুসরণ করেন একালের বলিউড অভিনেতারা। দেব আনন্দ মুম্বাইয়ের জুহুতে একটি বাংলো তৈরি করেছিলেন। এ বাড়িতে তিনি বাস করেছেন ৪০ বছর। তার স্ত্রী কল্পনা কার্তিক এবং সন্তান সুনীল ও দেবিনা আনন্দের সঙ্গে এ বাড়িতেই কেটেছে তার জীবনে একটি অধ্যায়। এবার সে বাড়িটি বিক্রি হয়ে গেল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বাড়িটি ৩০০-৪০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
দেব আনন্দের বাংলোটি জুহুর একটি গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত। এলাকার কারণেই এর দাম অনেক বেশি। পাশাপাশি দেব আনন্দের স্মৃতিবিজড়িত হওয়ায় এর মূল্য আরো বেড়ে গেছে। প্রতিবেদনটি বলে, ‘দেব আনন্দের বাংলোটি জুহুর এমন স্থানে অবস্থিত, যেখানে আরো অনেক তারকা ও শিল্পপতির বাড়ি আছে। অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ডিম্পল কাপাডিয়াও এর আশপাশে তাদের অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন। এবার দেব আনন্দের বাড়িটি বিক্রি হয়ে গেল। বাংলো বাড়ির জায়গায় তৈরি হবে একটি ২২তলা অ্যাপার্টমেন্ট।’
জুহুতে দেব আনন্দ যখন এ বাংলো তৈরি করেন, তখন অঞ্চলটি খুব বেশি মানুষের কাছে পরিচিত ছিল না। বাড়িঘর তৈরি করা তো পরের কথা। কিন্তু সেখানেই বাড়ি তৈরি করেন এবং অঞ্চলটিকে পরিচিত করে তোলেন। সে সময় অঞ্চলটিতে বনজঙ্গল থাকায় দেব আনন্দ জায়গাটি বাছাই করেছিলেন। নানা সময় সাক্ষাৎকারে বাড়ি নিয়ে স্মৃতিচারণ করতেন দেব আনন্দ। তিনি বলেন, ‘আমি জুহুতে বাড়িটা করি ১৯৫০ সালের দিকে। জুহু তখন ছোট একটা গ্রাম ছিল। তার আশপাশে বনজঙ্গল। আমি একাকিত্ব পছন্দ করতাম। সে কারণেই বাড়িটা ওখানে করি।’
সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস










