বাংলা সংস্কৃতির একটা বড় অংশজুড়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা নাটকের সঙ্গেও মিশে আছেন তিনি। আজ মঞ্চে দেশের জনপ্রিয় নাট্যদল ম্যাড থেটার আনতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ঘটে যাওয়া একটি অংশ নিয়ে নির্মিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় প্রদর্শন হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের সপ্তম প্রদর্শনী।

নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।

নাটকটি নিয়ে বিস্তারিত জানতে চাইলে ম্যাড থেটারের প্রধান আসাদুল ইসলাম জানান, ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে পেরু সরকার দাওয়াত দিয়েছিলেন স্বাধীনতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে। সেখানে যাওয়ার সময় সমুদ্রযাত্রার ক্লান্তিতে তার শরীরে বাসা বাঁধে ইনফ্লুয়েঞ্জা। আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছতেই শরীরে রোগের প্রকোপ বেড়ে যায়। প্লাজা হোটেলে অসুস্থতার দিনগুলোয় একদিন হঠাৎ তার এক পাঠিকা এসে উপস্থিত হন। পাঠিকার আমন্ত্রণে কবি হোটেল ছেড়ে শহরের বাইরে সান ইসিদ্রোয় এক ভাড়াবাড়িতে অবসর কাটাতে লাগলেন। এ পাঠিকাই ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথের সঙ্গে ওকাম্পোর একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। এ নিয়েই ‘‌রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকটির মধ্য দিয়ে। চলতি বছরের জুনে ভারতের গুয়াহাটিতে নাটকটির সফল মঞ্চায়ন করে ম্যাড থেটার। 

সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাড থেটারের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সঙ্গে মানুষের প্রেম আর প্রেমের ক্ল্যাসিক কাহিনীগুলোই পারে যুদ্ধবিধ্বস্ত কাহিল পৃথিবীকে নবধারা জলে স্নাত করাতে। বিদ্বেষশূন্য প্রেমময় পৃথিবীর জন্য আমাদের প্রতিদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষায় রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া একটি নির্মল গোলাপ।