‘হাওয়া’ সিনেমায় বেশ দর্শকপ্রিয়তা পান অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমাটিতে ভালো সাড়া পেলেও তিনি অনেকটাই আড়ালে চলে যান। গোপনে কাজ করলেও প্রকাশ্যে আসতে চাচ্ছিলেন না।
এর আগেও ভক্ত ও দর্শকের উদ্দেশে তুষি জানিয়েছিলেন, নতুন কাজের জন্য ধৈর্য ধরতে। তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে। তবে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ এ অভিনেত্রী। দর্শককে অপেক্ষায় থাকার অনুরোধ জানান তিনি।
তবে কাজ প্রসঙ্গে এখন জানতে চাইলে অস্পষ্টভাবে তিনি বলেন, ‘হাতে কিছু কাজ রয়েছে, সেগুলোর দিকেই এখন মনোযোগ। সিনেমা নাকি সিরিজে অভিনয় করছি, এগুলো এখনই বলা যাবে না। তবে দর্শক সামনে কিছু কাজ পাবে।’
নিজের ক্যারিয়ার ও কাজ নিয়ে ব্যস্ততা থাকলেও দীর্ঘদিন ধরে নতুন কোনো কাজে পাওয়া যাচ্ছে না তাকে। এ বিষয়ে তুষি বলেন, ‘আমি নিজেও মাঝেমধ্যে এটা ভাবি, কাজের সংখ্যা কম। কিন্তু আমি তো নাটকে অভিনয় করি না। সিনেমা ও ওটিটির কাজ করি। সে কারণে কাজের সংখ্যা কিছুটা কম। কাজের একটা ধারাবাহিকতা থাকা দরকার। তবে ভবিষ্যতে হয়তো দর্শক নিয়মিত আরো ভালো কাজ পাবে, সে চেষ্টা করব।’
নিজের ক্যারিয়ার সম্পর্কে তিনি বলেন, ‘আমি এখন ক্যারিয়ারেই বেশি গুরুত্ব দিচ্ছি। অন্য কিছু নিয়ে ভাবছি না। এর মধ্যে পরিবার থেকে বিয়ে নিয়ে কথা বললেও আমার আগ্রহ না থাকায় মা-বাবাও এখন এ বিষয়ে তেমন কিছু বলতে পারেন না। আমি কাজের বাইরে আর কিছু নিয়েই ভাবতে চাই না। তাই দর্শককে আগের মতো করেই বলব, একটু অপেক্ষা করুন, সামনে কাজ আসছে।’










