মহামারীতে বলিউড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এ কথা বলাই বাহুল্য। তার ওপর ইরফান খান, ঋষি কাপুরের মৃত্যু তৈরি করেছে শূন্যতার। বছরের মাঝে তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ভীষণ ভুগিয়েছে বলিউডকে। একদিকে তরুণ প্রাণের অকালপ্রয়াণ, অন্যদিকে তার মৃত্যুকে ঘিরে বলিউডে শুরু হওয়া তর্ক-ঝগড়া ইমেজ সংকটে ফেলেছে এ ফিল্ম ইন্ডাস্ট্রিকে।

বড় তারকারাই এ বছর তেমন ছবি মুক্তি দিতে পারেননি। অনেক তারকা তো হারিয়েই যাচ্ছেন। অনেকে আবার ওয়েব সিরিজ নিয়ে ফিরেছেন স্বমহিমায়। এ বছর তাই বলিউড তারকারা নড়েচড়ে বসেছেন তাদের ক্যারিয়ার নিয়ে। ২০২১ নিয়ে কয়েকজন তারকারা কী পরিকল্পনা করছেন তা একনজরে দেখে নেয়া যাক—

মাধুরী দীক্ষিত: অনেক দিন হল পর্দায় দেখা নেই বলিউডের আইকনিক অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। কিন্তু ভারতীয় গণমাধ্যম সূত্র জানাচ্ছে, ২০২১ সালে নতুন ছবি নিয়ে ফিরতে চাইছেন। তার পরিকল্পনা পছন্দের তিন পরিচালকের একজন—সঞ্জয় লীলা বানসালি, আদিত্য চোপড়া কিংবা করণ জোহরের সঙ্গে কাজ করা। শোনা যাচ্ছে এ তিন পরিচালকই মাধুরীকে মাথায় রেখে নতুন গল্প নির্মাণের চেষ্টা করছেন। বলিউড হাঙ্গামা জানাচ্ছে শিগগিরই দর্শকরা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শুনতে পাবেন।


ফারহান আখতার:


একাধারে গায়ক, অভিনেতা, পরিচালক ও প্রযোজক এ তারকাকে তার দক্ষতার কোনোটিই প্রয়োগ করতে দেখা যাচ্ছে না অনেক দিন।

সর্বশেষ তাকে অভিনয়ে দেখা গিয়েছিল ২০১৯ সালে দ্য স্কাই ইজ পিংক ছবিতে। এরপর দীর্ঘবিরতির পর ৮ জানুয়ারি মুক্তি পাওয়া দ্য হোয়াইট টাইগার ছবিতে দেখা গেল তাকে। এ ছবিতে আছেন প্রিয়াংকা চোপড়াও। এ বছর রাকেশ ওমপ্রকাশ মেহরার তুফান ছবিতে দেখা যাবে ফারহান আখতারকে। এ ছবিতে ফারহানের চরিত্রটি অ্যাংরিম্যানের। ধারণা করা হচ্ছে অ্যাকশনধর্মী হবে ছবিটি। এছাড়া উর্দু ও হিন্দি ভাষার বিখ্যাত কবি, গীতিকার সাহির লুধিয়ানভির বায়োপিকেও ফারহান আখতারের কাজ করার কথা রয়েছে।

ঐশ্বরিয়া রাই বচ্চন: বিয়ের পর থেকেই ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকে নেমেছে। এখন বলা যায় তলানিতে। সর্বশেষ কাজ করেছিলেন ২০১৮ সালে ফ্যানি খান নামের মিউজিক্যাল কমেডিতে। বক্সঅফিসে সুপার ফ্লপ হয়েছিল ছবিটি। ৩৮ কোটি রুপি বাজেটের ছবি আয় করেছিল মাত্র ১৬ কোটি রুপি। ২০১৯ ও ২০২০ সালে ঐশ্বরিয়া রাইকে কোনো ছবিতে দেখা যায়নি। দুই বছর বিরতির পর এ বছর বড় পর্দায় ফিরবেন ঐশ্বরিয়া এবং সেটা দুজন বড় পরিচালকের সঙ্গে। তাকে দেখা যাবে মনিরত্নমের তামিল ছবি পোনিয়িন সেলভানে। মনিরত্নমকে বলা হয় ঐশ্বরিয়ার দ্বিতীয় প্রিয় পরিচালক। আর তার সবচেয়ে প্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এ বছর বানসালি মুক্তি দেবেন তার নতুন ছবি হীরা মান্ডি, এ ছবিতে থাকবেন ঐশ্বরিয়া রাই। হীরা মান্ডি ছবির গল্প লাহোরের ঐতিহাসিক রেড লাইট এলাকা হীরা মান্ডি নিয়ে।

ববি দেওল:


মাঝে বেশ কিছুদিন শোনা যায়নি ববি দেওলের কথা। বলিউড থেকে যেন হারাতে বসেছিলেন। এরপর গত বছর নেটফ্লিক্সের ছবি ক্লাস অব এইটিথ্রি দিয়ে ভালোই সাড়া ফেলেছেন ববি। অ্যাকশন থ্রিলার ছবিটি সামালোচক, দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এরপর ২০২০-এর শেষের দিকে প্রকাশ ঝার পরিচালনায় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ আশ্রমে অভিনয় করেন ববি। এটিও দর্শকদের দৃষ্টি কেড়েছে। একই সঙ্গে আশ্রমের পর নেতিবাচক চরিত্রে ববির চাহিদা বেড়েছে। সন্দীপ ভাঙ্গার অ্যানিমেল ছবিতে নায়ক রণবীর কাপুর আর তাতে খলনায়ক হয়েছেন ববি দেওল।

অন্যদিকে এ বছর ববিকে দেখা যাবে তার পারিবারিক ছবিতেও। ২০০৭ সালে পিতা ধর্মেন্দ্র ও ভাই সানি দেওলের সঙ্গে আপনে ছবিতে দেখা গিয়েছিল ববিকে। এবার তারা আসছেন আপনের সিক্যুয়াল নিয়ে।

শোনা যাচ্ছে ববি দেওলের ক্যারিয়ারে সবচেয়ে বড় হিট সোলজারের সিক্যুয়াল নির্মাণের কথা চলছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ববি আর প্রীতি জিনতার জুটিকে ফের পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

ডিম্পল কাপাডিয়া: ক্যারিয়ারে নানা রকম অনিশ্চয়তায় ভরা সিদ্ধান্ত নিতে দেখা গেছে ডিম্পল কাপাডিয়াকে। তবে গত বছরের শেষ দিকে ক্রিস্টোফার নোলানের টেনেট ছবির মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সাফল্য পেয়েছেন ডিম্পল। আর টেনেটের সাফল্যের মাধ্যমে ক্যারিয়ারে নতুন দিগন্ত উঁকি দিচ্ছে তার জন্য।

প্রয়াত ইরফান খানের শেষ ছবি আংরেজি মিডিয়ামে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছিল ডিম্পল কাপাডিয়াকে। শিগগিরই অ্যামাজন ওয়েবসিরিজ তাণ্ডবে সাইফ আলী খানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে ২০০১ সালে দিল চাহতা হ্যায় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সাইফ আলী খান ও ডিম্পল।

শোনা যাচ্ছে ফারহান আখতার দিল চাহতা হ্যায় ছবির সিক্যুয়াল নির্মাণ করতে পারেন। অবশ্য এবার তিনি আর পরিচালনায় থাকবেন না। এ বছর শাহরুখ খানও অনেক দিন পর বড় পর্দায় ফিরবেন পাঠান ছবির মাধ্যমে। এ ছবিতেও থাকবেন ডিম্পল কাপাডিয়া। আয়ান মুখার্জীর ব্রহ্মাস্ত্রেও থাকছেন তিনি। সব মিলিয়ে ৬৩ বছর বয়সে ডিম্পলের ক্যারিয়ার বেশ তুঙ্গে। এমনকি তার সাফল্যে লজ্জা পেতে হবে তার চেয়ে কম বয়সী, একদা আলোচিত কিন্তু এখন হারাতে বসা অনেক অভিনেত্রীকে।

 

সূত্র: বলিউড হাঙ্গামা