সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিলেন হ্যান্স জিমার। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লন্ডনে একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় মঞ্চে এ প্রস্তাব দেন জিমার। অ্যাসোসিয়েটেড প্রেসের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ও-টু মঞ্চে সংঘটিত ঘটনাটির একটি ভিডিও ইউএসএ টুডে শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, সঙ্গী ডিনা ডে লুকাকে মঞ্চে নিয়ে আসেন জিমার। তার আগে তিনি ঘোষণা দেন, ‘এ নারীকেই আমি ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে।’ তারপর ডিনাকে মঞ্চে ডেকে আনার কারণ ব্যাখ্যা করেন। হ্যান্স জিমার বলেন, ‘কেন আমি তোমাকে এখানে এনেছি? আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রশ্ন করতে যাচ্ছিলাম। তুমি কি পেছনের দরজা বন্ধ করেছ? দুধ কি ফ্রিজে রাখা আছে? ফ্রিজারে কি কোনো শরবত আছে?’ এভাবে বেশকিছু সময় মজা করেন তিনি। তার পরই মোক্ষম প্রশ্নটি করেন হ্যান্স জিমার। ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ ডিনার কাছ থেকে জানতে চান তিনি।
ডিনার উত্তর ইতিবাচকই ছিল। এরপর মঞ্চে পরস্পরকে আলিঙ্গন করেন এ যুগল। দর্শকরা তুমুল করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
দ্য লায়ন কিং, গ্ল্যাডিয়েটর, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজ, ডার্ক নাইট ট্রিলজি, ইন্টারস্টেলারের মতো বিখ্যাত ও দর্শকপ্রিয় সব সিনেমায় সংগীতায়োজন করেছেন তিনি। এর মধ্যে দ্য লায়ন কিং সিনেমায় সংগীতায়োজনের জন্য ১৯৯৫ সালে প্রথমবারের মতো অস্কার লাভ করেন হ্যান্স জিমার। ২০২২ সালে তিনি দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘ডুন’ সিনেমার জন্য তিনি দ্বিতীয় অস্কারটি লাভ করেন।
বর্তমানে সারা ইউরোপে কনসার্ট ট্যুর করছেন হ্যান্স জিমার। তাকে সঙ্গ দিচ্ছে একটি লাইভ অর্কেস্ট্রা দল। এ ট্যুর প্রায় শেষের দিকে।
লাইভ কনসার্ট ট্যুর ছাড়াও তিনি তার স্টুডিওভিত্তিক কাজের জন্যও বিখ্যাত। বিভিন্ন বাদ্যযন্ত্র ও প্রযুক্তির সংমিশ্রণে তিনি হলিউডের দুর্দান্ত কিছু সাউন্ডট্র্যাক তৈরি করেছেন।
সূত্র ও ছবি: দ্য হলিউড রিপোর্টার










