এ সময়ে জুটিবদ্ধ হয়ে একের পর এক নাটকে অভিনয় করছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। অন্যদিকে শাহেদ শাহরিয়ারও তার অভিনয় দিয়ে পাচ্ছেন দর্শকের ভালোবাসা। এবার এ তিন তারকা একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘চৌধুরী অ্যাণ্ড সন্স’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা তৌফিকুল ইসলামের। স্ক্রিপ্ট পাপ্পুরাজের। এরই মধ্যে উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘আমি আর তানিয়া বৃষ্টি এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। কয়েকদিন আগেই এস আর মজুমদারের একটি নাটকের কাজ শেষ করেছি। পাশাপাশি এ নাটকের কাজও শেষ করেছি। সামনেও বৃষ্টির সঙ্গে আরো বেশকিছু কাজ আছে। আমার সঙ্গে বৃষ্টির যে কাজগুলো শেষ হয়েছে সবগুলো নাটকের গল্প একদম আলাদা। সামনে আমাদের আরো কিছু কাজ আসবে সেগুলোর গল্প সুন্দর।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘আমরা তিনজনই এ নাটকে যার যার চরিত্রে মনোযোগী থেকেই অভিনয় করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী, এখন কিন্তু যেকোনো নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া জরুরি, এটা চিন্তা করি। আর নিজের অভিনয় করার সুযোগটা কেমন আছে তাও ভেবে দেখি। এ নাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে শাহেদ শাহরিয়ার বলেন, ‘আমি যখন লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করি, তখন লাভলু ভাইই আমাকে নিলয় ভাইয়ের হাতে তুলে দিয়েছেন বলা চলে। শিক্ষক হিসেবে লাভলু ভাইকে পেয়েছি, বড় ভাই হিসেবে নিলয় ভাইকে পেয়েছি। যে কারণে দুজনের কাছ থেকে অভিনয়ে স্কুলিংটা আমি খুব ভালো পাচ্ছি।’
সাম্প্রতিক সময়ে নিলয় ও বৃষ্টি জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে বেশির ভাগ নাটক পেয়েছে দর্শকের ভালোবাসা। অন্যদিকে শাহেদ শাহরিয়ার অভিনীত একাধিক নাটক দর্শকের কাছে সাড়া পেয়েছে।










