শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরই বিশেষ আয়োজন রাখে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। উৎসবকে কেন্দ্র করে টেলিভিশনগুলো সেজেছে বিশেষ আয়োজনে। দুরন্ত টিভিতে আজ বেলা দেড়টায় হবে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’। নবমীতে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় আড্ডা’। শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প কথায় উঠে আসে একাল সেকালের পূজার নানা মজার গল্প ও পৌরাণিক কাহিনী। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে আগামী সোমবার বেলা ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায়। এছাড়া থাকছে দুর্গা পূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ সিজন ২। নাটকটি অষ্টমী থেকে দশমী সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ২টা ও রাত ৯টায় প্রচার হবে দুরন্ত টিভিতে। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য্য, ঋ জুনি, কাওসার ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমন ও আরো অনেকে।

শারদীয় দুর্গোৎসবে আরটিভিতেও থাকছে বিশেষ আয়োজন। আরটিভিতে আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ওয়ান ওয়ে। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও ববি। রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক সাদা মেঘের মন। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসাইন। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন রওনক হাসান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। আগামীকাল রাত ৮টায় থাকছে আরটিভির বিশেষ নাটক সিঁদুর। মিলন ভট্টাচার্য্যের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। এছাড়া দশমীর দিনে আরটিভিতে থাকছে বাংলা সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ইচ্ছা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। শারদীয় দুর্গা পূজায় এনটিভিতে থাকছে তিন দিনব্যাপী আয়োজন। বেলা ১টায় প্রচার হবে দুর্গা পূজার বিশেষ নাটক ‘শারদ প্রাতে’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন এফএস নাঈম, তানজিম সাইয়ারা তটিনী, মিলি বাশার, মোহাম্মদ বারী প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে দুর্গা পূজার বিশেষ নাটক ‘তিথির অতিথি’। সুমন ধরের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, ঊর্মিলা শ্রাবন্তী কর, তারিক আনাম খান, পাপিয়া প্রমুখ। আগামীকাল নবমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘দহন’। রায়হান রাফির পরিচালনায় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, রিপা রাজ, মুনিরা মিঠু প্রমুখ। বেলা ১টায় থাকছে বিশেষ নাটক ‘দুর্গা ও বনজ্যোৎস্নার গল্প’। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। বিজয়া দশমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘পাষাণ’। সৈকত নাসিরের পরিচালনায় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ওম শান্তি, বিদ্যা সিনহা সাহা মীম, মিশা সওদাগর, বিপাশা কবির, ইলোরা গওহর প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তোমাকে পেয়ে গেলে’। নাসির খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, আব্দুল্লাহ রানা, মিলি বাশার প্রমুখ।