দীর্ঘদিন ধরেই ঈদ আনন্দে ঈদের বিশেষ নাটক দেখানোর ধারা বজায় রেখে চলেছে টেলিভিশন চ্যানেলগুলো। নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সে সময় মাধ্যম বলতে ছিল কেবল বাংলাদেশ টেলিভিশন। সময়ের পরিবর্তনে বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি ঈদের বিশেষ নাটক নির্মাণে মন দেয় অন্য টেলিভিশনগুলো। বর্তমান সময়ের এ ধারা বজায় রয়েছে। ঈদ এলেই ব্যস্ত হয়ে পড়ে নাটক পাড়া। এবারো ব্যতিক্রম হচ্ছে না। দেশের জনপ্রিয় তারকা ও নির্মাতাদের নাটক থাকছে এবারের ঈদ আয়োজনে। তবে এবারের ঈদে অনেক তারকাকেই ওয়েব কনটেন্টে দেখা গেলেও নাটকে কম দেখা যাবে। জনপ্রিয় অভিনয়শিল্পীরা এবার টিভি নাটকের সংখ্যা কমিয়ে দিয়েছেন। যার প্রভাব পড়েছে নাটকে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অপূর্ব, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণের মতো তারকাদের এবার নাটকে খুব একটা দেখা যাবে না। এর মধ্যে তিশা ও মিমের কোনো নাটক আসছে না এ ঈদে। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এখনো শুটিংয়ে ফেরেননি নুসরাত ইমরোজ তিশা। ওটিটি ও সিনেমায় ব্যস্ত হওয়ায় আফরান নিশো এবার ছোট পর্দায় অনুপস্থিত থাকবেন। অপূর্ব অভিনীত নাটকের সংখ্যা কমিয়েছেন এবার। তাই এবারের ঈদে অনেক নতুন মুখ দেখা যাবে টিভি পর্দায়। এ ঈদে বেশির ভাগ ঈদ নাটকে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পীরা। তালিকায় আছেন আরশ খান, সামিরা খান মাহি, জান্নাতুল সুমাইয়া হিমি, তানজিম সাইয়ারা তটিনী, রুকাইয়া জাহান চমক, কেয়া পায়েল, সাদিয়া আয়মান—যারা কয়েক বছর ধরে টিভি নাটকে নিজেদের অবস্থান তৈরির দৌড়ে আছেন, তারা এবার ঈদের নাটকে হয়ে উঠবেন প্রধান মুখ। এছাড়া নিলয় আলমগীর, খায়রুল বাসার, জোভান, মুশফিক ফারহান, শামীম হাসান সরকারেরও উল্লেখযোগ্যসংখ্যক নাটক প্রচার হবে। ঈদে কয়েকটি ঈদ নাটক নিয়ে এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে আফজাল হোসেনের ছোটকাকু সিরিজ। গুণী অভিনেতা আফজাল হোসেনকে সারা বছর কোনো নাটক কিংবা সিনেমায় না দেখা গেলেও ঈদে ছোট কাকু সিরিজ নিয়ে হাজির হন তিনি। এবার ছোট কাকু সিরিজে ‘পাবনার ভাবনা’য় দেখা যাবে তাকে। বরাবরের মতো সিরিজটি নির্মাণও করেছেন তিনি। নাটকটিতে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তারিক আনাম খান, জয়ন্ত চট্টপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরী প্রমুখ। প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এ নিয়ে আফজাল হোসেন বলেন, ‘আলাদা গল্প নিয়ে প্রত্যেকবার নাটকটি নির্মাণ করি। এবারো নতুন একটি গল্প বেছে নিয়েছি। এবারের গল্প আরো ভিন্ন ও সুন্দর। এ গল্পের নাম পাবনার ভাবনা। এ সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ছোটকাকু সিরিজের জন্য দর্শকরা ঈদের সময় অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি, ভালো একটি নাটক নির্মাণ করে দর্শকদের উপহার দেয়ার জন্য।’
ঈদে
বাড়তি আকর্ষণ থাকে ভিকি জাহেদের নাটকের প্রতি। প্রচারের আগেই ঈদে ভিকি জাহেদের ‘শব্দ প্রেম ’ নাটকটি নিয়ে চলছে দর্শক মহলে আগ্রহ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ, তাসনিয়া ফারিন, রোজি সিদ্দিকি প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৫০ মিনিটে।
প্রতি ঈদেই ‘ইত্যাদি’র পাশাপাশি নাটক নির্মাণ করে থাকেন হানিফ সংকেত। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। তার এ ঈদের নাটক ‘বাড়িঘর আপন পর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।
এছাড়া জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় শহরে অনেক রোদ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী। ঈদের দিন বিকাল ৪টায় দীপ্ত টিভিতে দেখানো হবে শহরে অনেক রোদ।
বৈশাখী টিভির ‘দুই জামাই’ নাটকে এবার জাহিদ হাসান ও ড. এজাজকে দেখা যাবে একসঙ্গে। এছাড়া, বড়দা মিঠু, তারিক স্বপন, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম প্রমুখ থাকছেন এতে। নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান।










