হলিউডে চিত্রনাট্যকারদের ধর্মঘট এখনো চলমান। এর সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতারাও। ধর্মঘট চলছে অনেকদিন ধরেই। পারিশ্রমিক ও অন্যান্য বিষয় নিয়ে নানা দাবি তুলেছেন চিত্রনাট্যকাররা। এর সঙ্গে যোগ দিয়েছেন রেডিও ও টেলিভিশনের শিল্পীরা। নিজেদের সিনেমা প্রচারে আসছেন না তারা। থেমে গেছে অনেক সিনেমার নির্মাণ। তাদের এ ধর্মঘট মূলত স্টুডিওগুলোর বিরুদ্ধে। সিনেমার নির্মাণ স্থগিত ও পেছানোর কারণে ক্ষতির সম্ভাবনা দেখছেন অনেকেই। কিন্তু হলিউডের অন্যতম বড় স্টুডিও ওয়ার্নার ব্রোস বলছে ধর্মঘটের কারণে তাদের লাভ হয়েছে। ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, ওয়ার্নার ব্রোস ডিসকভারির সিইও ডেভিড জাসলাভ বলছেন, ‘‌ধর্মঘটের কারণে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে স্টুডিওর খরচ কমেছে প্রায় ১০ কোটি ডলার।’

জাসলাভের দেয়া তথ্য বেশ গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে ধর্মঘটের কারণে স্টুডিওর অনেকে কাজে আসছেন না। ফলে নিয়মিত কাজের যে খরচ তা থেকে কিছু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। প্রতিটি স্টুডিওর নিয়মিত বা দৈনিক কাজের একটা খরচ থাকে। ধর্মঘট না হলে সে খরচটা থাকবে এটাই স্বাভাবিক। গত ১ এপ্রিল থেকে চলমান ধর্মঘট মূলত চার মাস পার করেছে। এ চার মাসে ১০ কোটি ডলার কম খরচ হয়েছে ওয়ার্নার ব্রোস ডিসকভারির। কিন্তু এতে বিপদের আশঙ্কাও থাকছে অনেক। জাসলাভ দায়িত্ব নেয়ার পরই নানা সিদ্ধান্তের কারণে সমালোচিত হয়েছেন। তিনি এইচবিও ম্যাক্স থেকে অনেকগুলো কনটেন্ট সরিয়ে নেন। দর্শকপ্রিয় এসব কনটেন্ট সরানোর কারণে শেয়ার মার্কেটে ওয়ার্নার ব্রোস ডিসকভারির ক্ষতি হয়েছিল প্রায় দুশো কোটি ডলার। এছাড়া বেশকিছু সিনেমার নির্মাণ বন্ধ করে তিনি ক্ষতি করেছিলেন ৯ কোটি ডলার। সেখানে ধর্মঘটের কারণে ১০ কোটি ডলারের লাভকে বড় করে দেখার কিছু নেই। 

সে কারণেই হয়তো জাসলাভ ধর্মঘটের বিষয়ে নরম সুরে কথা বলছেন। তিনি বলেন, ‘‌আমরা গল্প বলার ব্যবসা করি। আমরা অসাধারণ কিছু গল্প বলতে চাই। এ গল্পগুলো মানুষকে বিনোদন দেয়। এ গল্পগুলো যেমনই হোক, পর্দায় কেমন ফুটবে সে অনুসারে আমরা চিন্তা করে পদক্ষেপ নিই।’ মূলত চিত্রনাট্যকারদের দাবির প্রসঙ্গে আসতে গিয়েই তিনি এ প্রসঙ্গ তুলেছেন। সিনেমা বা কনটেন্ট নির্মাণের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন চিত্রনাট্যকার, পরিচালকসহ পুরো ক্রু সদস্যরা। জাসলাভ বলেন, ‘‌গল্প বলার কাজটা আমরা চিত্রনাট্যকার, পরিচালক বা ক্রু সদস্যদের ছাড়া করতে পারব না। আমাদের অন্যতম দায়িত্ব তাদের ক্ষমতায়ন।’

এসব কথার পাশাপাশি জাসলাভ আশা প্রকাশ করেছেন যে ধর্মঘট পরিস্থিতি বেশি দিন এ রকম থাকবে না। তিনি বলেন, ‘‌আমরা আশা করি, খুব দ্রুতই এ ধর্মঘট একটা সুন্দর সমাধানের দিকে এগোবে এবং আমরা আমাদের পছন্দের কাজগুলো ভালোবাসার সঙ্গেই করতে পারব।’

সূত্র: ভ্যারাইটি