কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস। এর সাত সদস্যের সবাই এখন সামরিক প্রশিক্ষণে ব্যস্ত। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নীতি অনুসারে, সব পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সে কারণেই ব্যান্ডের সাত সদস্য নানা সময়ে সামরিক প্রশিক্ষণে যুক্ত হয়েছেন। তাদের ১৮ মাসের প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্যে জিন সবার আগে প্রশিক্ষণে যুক্ত হয়েছিলেন। এরপর অন্যরা। সে সময়ই ব্যান্ড সদস্যদের দেখা গেছে সামরিক পোশাকে। সম্প্রতি তেমনই একটি ছবি প্রকাশ করলেন জে-হোপ।

শনিবার সকাল থেকেই জে-হোপের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসে। সেখানে সামরিক বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে জে-হোপকে দেখা যায়। ছবিতে কেবল জে-হোপই ছিলেন বিটিএস সদস্যদের মধ্যে। আশপাশে ছিল সামরিক বাহিনীর সদস্যরা। ২০ কিলোমিটার রাক মার্চ (পিঠে ব্যাগ নিয়ে নির্দিষ্ট দূরত্ব হাঁটা বা দৌড়ানো) থেকে এ ছবি তুলেছেন কেউ একজন। পোস্ট করা ছবিতে জে-হোপ বাদে অন্য প্রশিক্ষণার্থীদের মুখ মুছে দেয়া হয়েছে।

জে-হোপকে দেখা গেল সামরিক পোশাকে। পোশাকের ওপরে ছিল একটি নিয়ন ভেস্ট। সতীর্থদের মুখ আবছা করা থাকলেও তিনি সবার সঙ্গে একটি ছবি তুলেছেন। আরেকটি ছবিতে তার হাতে ছিল একটি সিগনাল লাইট, মুখে হাসি। সামরিক প্রশিক্ষণ তিনি উপভোগই করছেন।

এ নিয়ে অলকেপপ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের দেয়া তথ্য থেকে জানা যায়, জে-হোপ একজন ড্রিল ইনস্ট্রাক্টরের কাজ করছেন। কেবল তা-ই নয়, এক্ষেত্রে একটি প্লাটুনের নেতা হিসেবে তিনি নেতৃত্বও দিচ্ছেন চমৎকার। সামরিক বাহিনীর জেষ্ঠ্যরা তার এ কাজে দারুণ উচ্ছ্বসিত।

সামরিক প্রশিক্ষণের মধ্যে বিটিএস সদস্যরা কিছু সলো গান নিয়ে কাজ করেছেন। এর বাইরে প্রশিক্ষণের কারণে ২০২২ সাল থেকে বিরতিতে আছে ব্যান্ডের কার্যক্রম। সব সদস্যের প্রশিক্ষণ শেষ হলে আবারো পুরনো ধারায় ফিরবে বিটিএস।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস