প্রথমবারের মতো ভারতে ভ্রমণ করলেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তবে  ফুটবল খেলোয়াড় হিসেবে বা ভারতের কারো আমন্ত্রণে যাননি তিনি। বেকহ্যাম ভারত ভ্রমণ করেছেন ইউনিসেফের দূত হিসেবে। ভারত ভ্রমণের সময় তিনি নিমন্ত্রণ পান শাহরুখ খান ও সোনম কাপুরের। শাহরুখ নিমন্ত্রণ করেছিলেন তার বাড়ি মান্নাতে নৈশভোজের। আর সোনম দাওয়াত করেছিলেন অনিল কাপুরের বাড়িতে একটি পার্টিতে। বেকহ্যাম দুটোতেই অংশ নিয়েছিলেন।

ডেভিড বেকহ্যাম প্রথমে যান সোনমের বাড়ি। সেখানে উপস্থিত ছিলেন সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা। সোনমের পার্টিতে বলিউডের আরো অনেক তারকারা ছিলেন। পরবর্তী দিন বেকহ্যাম শাহরুখের নিমন্ত্রণ রক্ষা করেন। শুক্রবার রাতে শাহরুখ বেকহ্যামের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছিলেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শেয়ার হয়েছে। শাহরুখ ও বেকহ্যাম ভারতীয় উপমহাদেশের বহু তরুণ-তরুণীর আইডল। দুই তারকাকে একত্রে দেখা তাদের জন্য উচ্ছ্বাসের কারণ।

এক্সে (সাবেক টুইটার) টুইট করে শাহরুখ লিখেছেন, ‘‌একজন আইকন... একজন ভদ্রলোক। আমি বহুদিন ধরেই তার একজন ভক্ত, কিন্তু তার সঙ্গে দেখা হওয়ার পর এবং শিশুদের সঙ্গে তার ব্যবহার দেখে বুঝলাম ফুটবলের বাইরে তিনি ভদ্র ও নরম স্বভাবের একজন মানুষ। আপনার পরিবারের প্রতি আমার ভালোবাসা। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং একটু ঘুমাবেন।’ শেষ কথাটি দিয়ে বেকহ্যামের অক্লান্ত পরিশ্রমের প্রসঙ্গে কথা বলেছেন শাহরুখ। বিশেষত ভারতে ভ্রমণের সময়টা বেকহ্যাম খুব বেশি ঘুমাতে পারেননি তা স্পষ্ট।

ভারত থেকে যাওয়ার সময় ডেভিড বেকহ্যাম পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি ধন্যবাদ দিয়েছেন শাহরুখ খান, গৌরি খান, সোনম কাপুর ও আনন্দ আহুজাকে। একই পোস্টে শাহরুখ ও সোনম-আহুজা দম্পতির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‌এ অসাধারণ মানুষটির বাড়ি গিয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। শাহরুখ খান, গৌরি খান, তাদের সন্তান ও কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে খাওয়া-দাওয়া; ভারত ভ্রমণের শেষটা খুব সুন্দর কাটল। ধন্যবাদ বন্ধু। আমার বাড়িতেও আপনি ও আপনার পরিবার আমন্ত্রিত।’

এর পরই তিনি সোনম ও আনন্দকে ধন্যবাদ দিয়ে লেখেন, ‘‌সোনম ও আনন্দ আহুজা, আপনারাও আমাকে দারুণ উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। আপনাদের বাড়িতে এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। শিগগিরই আবার দেখা হবে।’

ডেভিড তার সফরে গুজরাটে গিয়েছিলেন ইউনিসেফের কাজে। মূলত ভারতে গ্রামীণ নারীদের নিয়ে কাজে ইউনিসেফ কতটা এগিয়েছে তা সরাসরি দেখতেই গুজরাট গিয়েছিলেন ডেভিড। এরপর তিনি ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখেছেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাকে আমন্ত্রণ করেছিলেন শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ে বিরাট কোহলির নতুন রেকর্ডেরও সাক্ষী হলেন বেকহ্যাম।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস