রুপালি পর্দার তারকাদের জীবনের অজানা গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। এতে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।

সিনেমাটিতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘গত শীতেই পরিচালক গল্পটা শোনান। তখনই বিষয়টি আমার ভালো লাগে। পরবর্তী সময়ে চিত্রনাট্য হাতে পেয়ে বুঝলাম, চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং হবে। আমি চাই এমন ভূমিকায় কাজ করতে, যেখানে বাস্তবতার ছোঁয়া থাকে। নায়িকার এ চরিত্রও তেমনই।’

তিনি জানান, সিনেমার মূল বিষয়বস্তু হবে একজন তারকার ব্যক্তিগত জীবন। রুনার ভাষায়, ‘নায়িকাদের সবাই কেবল পর্দায় দেখেন। কিন্তু তাদেরও আলাদা ব্যক্তিগত জীবন আছে, যা সাধারণ দর্শকের অজানা। সেই অন্দরমহলের গল্পই উঠে আসবে এ সিনেমায়।’

রুনার অভিনয় জীবনে যদিও নায়িকার চরিত্রে এটি প্রথম কাজ, তবে ২০০৭ সালে নোমান রবিনের টেলিফিল্মে তিনি যাত্রাপালার এক প্রিন্সেস চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ প্রায় ১৮ বছর পর আবারো একই রকম ভিন্ন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে যাচ্ছেন তিনি। রুনা খান বলেন, ‘চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকের ভালো লাগাই হবে আমার বড় প্রাপ্তি।’

পরিচালক জানিয়েছেন, চলচ্চিত্র: দ্য সিনেমার শুটিং শুরু হবে আসন্ন শীতে। তবে পরিকল্পনা অনুযায়ী, সবকিছু গোছাতে দেরি হলে সময় কিছুটা পিছিয়ে যেতে পারে।

এদিকে রুনা খানের হাতে এরই মধ্যে মুক্তির অপেক্ষায় আছে তিনটি চলচ্চিত্র, মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ ও জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।