১৭ ডিসেম্বর মুক্তির পর ভারতজুড়ে রীতিমতো ঝড় তুলেছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা: দ্য রাইজ। বক্স অফিসে প্রথম দুদিনে শতকোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি, আর এর মাধ্যমে বলিউডের বড় বড় তারকাকে পেছনে ফেলে দিয়েছেন আল্লু অর্জুন।
পুষ্পা: দ্য রাইজ তেলেগু ছবি হলেও মুক্তি দেয়া হয়েছে ভারতের বেশ কয়েকটি ভাষায়—তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি। আর প্রযোজকদের এ উদ্যোগ সফল হয়েছে। দুদিনেই ভারত ও বিদেশের মাটি থেকে বক্স অফিসে পুষ্পা ১০০ কোটি রুপির বেশি জমা করেছে। সামনে যে এ আয় আরো অনেক বাড়বে তা নিশ্চিত।
প্রযোজকরা একদিকে যেমন পুষ্পার সর্বভারতীয় মুক্তি নিশ্চিত করেছেন, তেমনি ছবির প্রচারণায় ভারতের অনেক শহর চষে বেড়িয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা ও পুষ্পার পুরো টিম। রোববার শেষে পুষ্পা বৈশ্বিক বক্স অফিসেই জায়গা করে নিয়েছে। ভারতীয় ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার মতে, রোববারের শেষে বৈশ্বিক বক্স অফিসে তৃতীয় অবস্থানে ছিল পুষ্পা। ছবিটি বৈশ্বিকভাবে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৫৯ কোটি রুপি আয় করেছে। এক নম্বরে আছে অতি অবশ্যই স্পাইডারম্যান: নো ওয়ে হোম আর দ্বিতীয় স্থানে শিপ উইদাউট আ শেফার্ড টু। আর গতকাল দুপুর পর্যন্ত পুষ্পার আয় বেড়ে হয়েছে ১৭৩ কোটি রুপি। ঘড়ির কাঁটা ধরে হিসাব করলে হলে প্রদর্শন শুরুর তিনদিনে এ আয় করল পুষ্পা। বিশ্লেষকরা বলছেন, সুকুমার পরিচালিত পুষ্পা ২০২১ সালে ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি হতে যাচ্ছে। পুষ্পার বাজেটও ছিল বড়, ২০০ কোটি রুটির বেশি খরচ করে নির্মাণ করা হয়েছে এ সিনেমা।
কেরালায় আল্লু অর্জুনের বড় ফ্যান বেজ রয়েছে। ভক্তরা সিনেমা হলেও গেছেন, তাই তিনদিনে ছবিটি এ রাজ্যে আয় করেছে সাড়ে ৬ কোটি রুপি। অন্যদিকে হিন্দিভাষী অঞ্চলগুলোয় পুষ্পার সাফল্য ঈর্ষণীয়। রোববার পর্যন্ত সিনেমার হিন্দি সংস্করণ আয় করেছে ১২ কোটি রুপি, যা দক্ষিণী সিনেমার আরেক সুপারহিট কেজিএফ চ্যাপ্টার ওয়ানের ৯ কোটি রুপির রেকর্ড ছাড়িয়ে গেছে।
পুষ্পা: দ্য রাইজের গল্প পুষ্পা রাজ নামের এক চন্দন কাঠের চোরাকারবারির। কাঠুরে থেকে একদিন পুষ্পা এ সাম্রাজ্যের রাজা হয়ে ওঠে। প্রায় ৩ ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটি জমজমাট বিনোদনে ঠাসা, যাকে বলে দর্শকের পয়সা উসুল। পুষ্পার চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন; আরো আছেন রশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। পুষ্পার প্রথম পর্ব এটি। সিনেমার দ্বিতীয় পর্ব ২০২২ সালের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










