আফ্রিকার কাল্পনিক দেশ ওয়াকান্ডার ভূমিকে কেন্দ্র করে মার্ভেলের বানানো সিনেমা ‘ব্ল্যাক প্যান্থার’ একটি সফল সিনেমা। ২০১৮ সালে মুক্তির পরে হলিউডে বর্ণবাদী বৈচিত্র্য আনার জন্যও বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায় সিনেমাটি। সামনেই আসতে যাচ্ছে এ সিনেমার সিক্যুয়াল ‘ওয়াকান্ডা ফরেভার’। সিনেমাটির অভিনয়শিল্পীরা মনে করেন, ব্ল্যাক প্যান্থার  আফ্রিকার ভাবমূর্তি বদলে দিয়েছে।  

ডিজনির মার্ভেলের এ সিনেমাই প্রথম সুপারহিরো সিনেমা, যেখানে প্রধানত কৃষ্ণাঙ্গদের অভিনয়ের সুযোগ দেয়া হয়। ওয়াকান্ডা ফরেভারের 

অভিনয়শিল্পীদের কারণে এ মহাদেশের ভাবমূর্তির ওপর একটা ইতিবাচক প্রভাব পড়ে। ব্লাক প্যান্থার সিনেমার ‘নাকিয়া’র চরিত্রে অভিনয় করছেন লুপিটা ইয়ংও। তিনি বলেন, ‘‌আফ্রিকান সংস্কৃতির বৈচিত্র্য গ্রহণ করার কারণে অন্যরা তাদের আদিবাসী সংস্কৃতিকেও ভালোভাবেই গ্রহণ করেছে। আমরা আমাদের সংস্কৃতি উদযাপন করছি। আমরা যে জায়গা থেকে এসেছি, সে জায়গা যে খুব অন্তর্ভুক্তিমূলক সেটাই উদযাপন করছি।’

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় সবচেয়ে বেশি আয় করা সিনেমার নাম ‘ব্ল্যাক প্যান্থার’। তাছাড়া বিশ্বব্যাপীও এটি দ্বিতীয় সর্বোচ্চ ছিল। টিকিট বিক্রি করেই সিনেমাটি আয় করে ১৩০ কোটি ডলার।   

আরেক ব্ল্যাক প্যান্থার অভিনেত্রী ফ্লোরেন্স কাসুম্বা বলেন, ‘‌শিশু থাকা অবস্থায়ই এ সিনেমা আমার দরকার ছিল, কারণ তখন অনেক বেশি রোল মডেল ছিল না।’ 

নাইজেরিয়ার জোসেফ আয়ো বাবালোলা ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজের লেকচারার আয়োদেজি আইয়েসিমোজু বলেন, ‘‌কৃষ্ণাঙ্গদের ইতিহাসে এটি একটি টার্নিং পয়েন্ট। আফ্রিকাবিষয়ক বেশকিছু স্টেরিওটাইপ ভেঙেছে এ সিনেমা। বিভিন্ন প্রশ্নের আলোচনাও তুলেছে। মানুষও এ মহাদেশ সম্পর্কে জানার জন্য প্রবলভাবে আগ্রহী ছিল।’ 

তবে এ সুযোগকে আরো বেশি পুঁজি করে তোলা উচিত আফ্রিকান ফিল্ম ইন্ডাস্ট্রির। তিনি মনে করেন, আরো বেশি বেশি কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের হলিউডে কাজ করা এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বড় বড় স্টুডিওর সঙ্গে ঘানা ও নাইজেরিয়ার মতো দেশের পার্টনারশিপ হওয়া উচিত। 

যদিও কেউ কেউ এ বিষয়ে ঠিক ইতিবাচক নয়। নাইজেরিয়ার সিনেমা ইন্ডাস্ট্রির একজন সদস্য বলেন, ‘‌ব্ল্যাক প্যান্থার আফ্রিকান সিনেমা ইন্ডাস্ট্রিতে সমর্থন জোগানোর বদলে বরং পশ্চিমাদের নিজস্ব আদর্শিক সংস্করণ থেকে লাভের জন্য আফ্রিকাকে শোষণের আরেকটি ধরন ছিল।’ 

যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া জিম্বাবুয়ের অভিনেত্রী দানাই গুরিরা দুটি সিনেমায়ই সুপারহিরো ‘ওকোয়ি’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘‌আপনাদের বুঝতে হবে আফ্রিকা ব্ল্যাক প্যান্থারের ওপর প্রভাব ফেলেছে। আমি যে চরিত্রে অভিনয় করেছি, তাতে আফ্রিকা কী এবং তা পৃথিবীতে কী নিয়ে এসেছে সেদিকে দৃষ্টিপাত করা হয়েছে।’


সূত্র: রয়টার্স