সম্প্রতি সালমান খান জানিয়েছেন, তার বহুল প্রতীক্ষিত ছবি রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই এ বছর ঈদের সময় মে মাসে মুক্তি পাবে। রাধে মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কভিড মহামারীতেই বেধেছে যত গোলমাল। বলিউডের অনেক পরিচালক-প্রযোজক সিনেমা হল বন্ধ থাকায় তাদের ছবি মুক্তি দিয়েছেন অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে। কিন্তু সালমান সে পথে হাঁটেননি। বরং তিনি তার দর্শক ও হল মালিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন।

সম্প্রতি সিনেমা মুক্তি দেয়ার ক্ষেত্রে হলকে প্রাধান্য নিয়ে আবারো কথা বলেছেন সালমান। তিনি বলেছেন, তার হাতে এখন তিনটা ছবি মুক্তির জন্য প্রস্তুত আছে। তিনি আরো বলেন, এখন সিনেমা হলে কোনো ছবি মুক্তি পাচ্ছে না, থিয়েটারগুলোকে কবরস্থানের মতো মনে হচ্ছে। উল্লেখ্য, রাধে ছাড়াও সালমান শেষ করেছেন অন্তিম ও কাভি ঈদ কাভি দিওয়ালি ছবির কাজ।

সালমান বলেন, কেউ হলে যাচ্ছে না। হলগুলোতে সুনসান নীরবতা। মালিকরা কিন্তু হলগুলো সচল রাখতে চাইছেন। তার পরও আমরা দেখছি অনেক হল মালিক আর্থিক সমস্যায় হল বন্ধ রেখেছেন। সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, এটা মোটেই ভালো লক্ষণ নয়।

সালমান এটাও বলেছেন যে সিনেমায় অভিনয় করা তাদের জীবিকা। সেক্ষেত্রে হল বন্ধ হয়ে গেলে তারা দর্শকদের তাদের ছবি কোথায় দেখাবেন? এ বক্তব্যকে বিস্তারিত করে তিনি বলেন, পরিবেশকরা তাকে অনুরোধ করেছিলেন রাধে হলে মুক্তি দিতে। আর এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, মানুষ ঘোরাফেরা করছে, তাই তিনি রাধে হলে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


সালমান খান হল মালিকদের কভিড-১৯ প্রটোকল মেনে চলার ওপরও জোর দেন তার বক্তব্যে। ভক্তদেরও সিনেমা দেখতে যাওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন তিনি। সালমানের আশা ভ্যাকসিনের মাধ্যমে মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবেন এবং ২০২১ ও ২০২২ সাল সবার জন্য ২০২০-এর চেয়ে ভালো কাটবে।

সম্প্রতি জি টিভির আসন্ন রিয়ালিটি শো ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের প্রিমিয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালমান খান এ শোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া