ড্যানজেল ওয়াশিংটন, রামি মালেক ও জারেড লেটো—তিন অস্কার বিজয়ীকে এবার দেখা যাবে এক পর্দায়। ওয়ার্নার ব্রস প্রকাশ করেছে তাদের নতুন ছবি দ্য লিটল থিংস-এর ট্রেলার। ছবিতে হলিউডের তিন শক্তিশালী ও অস্কারজয়ী অভিনেতা—ড্যানজেল ওয়াশিংটন, রামি মালেক ও জারেড লেটোয় দর্শকরা উচ্ছ্বসিত। ছবিটি ২০২১ সালে মুক্তি পাবে।

দ্য লিটল থিংস ডার্ক থ্রিলার। ট্রেলারের শুরুতে মর্গে এক তরুণীর মরদেহের পাশে বসে শেরিফ জো ডিকনকে (ওয়াশিংটন) দেখা যায় সেই মরদেহকে প্রশ্ন করতে তার খুনের ব্যাপারে। ট্রেলার দেখে অনেকের মনে আসবে ডেভিড ফিঞ্চারের প্রশংসিত নেটফ্লিক্সের আলোচিত সিরিজ মাইন্ডহান্টারের কথা।

দ্য লিটল থিংসের ট্রেলার থেকে যেটুকু বোঝা যায় লস অ্যাঞ্জেলেসের শেরিফ ওয়াশিংটন ও সার্জেন্ট রামি মালেক শহরের এক সিরিয়াল কিলারের খোঁজ করছেন। ট্রেলারে মনে হয় এ কিলার লেটো। অস্কারজয়ী অভিনেতাকে দেখা যাবে এক ডার্ক গেমে অংশ নিতে। যথারীতি এ তিন শক্তিমান অভিনেতার নিজস্ব ব্যক্তিত্বের ছাপ দেখা যায়। ক্রাইম থ্রিলারের জন্য যা অপরিহার্য।

ড্যানজেল ওয়াশিংটন, রামি মালেক ও জারেড লেটো ছাড়াও দ্য লিটল থিংসে দেখা যাবে নাটালি মোরালেস (ব্যাটল অব দ্য সেক্সেস), ক্রিস বোয়ার (ট্রু ব্লাড) ও টেরি কিনি (বিলিয়নস)’কে।

তারকাদের নামের কারণে জন লি হ্যানককের ছবিটি শুরু থেকেই আলোচনায় আছে। বোহেমিয়ান র‌্যাপসোডিতে ফ্রেডি মার্কারির চরিত্রের জন্য ২০১৯ সালে সেরা অভিনেতার পুরস্কার জেতেন রামি মালেক। ২০১৪ সালে ডালাস বায়ারস ক্লাবের জন্য সেরা সহ-অভিনেতার অস্কার জেতেন লেটো। আর ড্যানজেল ওয়াশিংটন অস্কার জিতেছেন দুবার—২০০২ সালে ট্রেনিং ডের জন্য সেরা অভিনেতার অস্কার এবং ১৯৯০ সালে গ্লোরির জন্য সেরা সহ-অভিনেতার।

দ্য লিটল থিংস যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২০২১ সালের ২৯ জানুয়ারি। ওয়ার্নার ব্রস তাদের নতুন কৌশল অনুযায়ী ছবিটি একই সঙ্গে হলে এবং স্ট্রিমিং সাইট এইচবিও ম্যাক্সে মুক্তি দেবে।

 

সূত্র: পিংকভিলা